কলকাতা: গুঞ্জন ছিল দীর্ঘদিনই, তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি নায়িকা। বরং এ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে, এই বিষয়টাকে ব্যক্তিগত রাখা তাঁর অধিকার। যখন সময় হবে, তখন তাঁরা নিজেই জানাবেন। অবশেষে বিবাহবার্ষিকীর দিন, সুখবরটা দিলেন যুগলেই। মা হচ্ছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। বাবা হচ্ছেন, সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)। ৩ বছরের বিবাহবার্ষিকীতে, সোশ্যাল মিডিয়ায় প্রথম বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনলেন সোহিনী। খবরটা প্রকাশ্যে আসার পর থেকেই, শুভেচ্ছায় ভাসছেন অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী!
বাবা-মা হচ্ছেন শোভন সোহিনী, বিবাহবার্ষিকীতে প্রকাশ্যে সুখবর
কয়েক বছরের সম্পর্ক, আর তারপরে বিয়ে, শোভন এবং সোহিনী নিজেদের সম্পর্ক নিয়ে যেমন রাখঢাক করতে চাননি, তেমনই খোলামেলা কথা বলতেও পছন্দ করেননি কখনও। সোহিনীর জন্মদিনে তিনি তাঁর কিছু বন্ধুদের নিয়ে সমুদ্রসৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন। আর সেই বন্ধুদের দলেই ছিলেন শোভন, তাঁদের প্রেমের গুঞ্জনে সিলমোহর পড়ে তখনই। এর আগেই গুঞ্জন ছিল যে, শোভনের সঙ্গে প্রেম করছেন সোহিনী। এরপরে টলিপাড়ায় শোভন-সোহিনীর প্রেম ছিল ওপেন সিক্রেট। এরপরে কার্যত নিভৃতেই, একটি বাগানবাড়িতে মুষ্ঠিমেয় বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিবাহ সারেন শোভন এবং সোহিনী। এরপরেই শুরু, তাঁদের লাল নীল সংসার।
বিয়ের পরেও নিজেদের মতো করেই কাজ চালিয়ে গিয়েছেন সোহিনী এবং শোভন। শোভনের গানের স্কুলের অঙ্গাঙ্গি অংশ হয়ে উঠেছেন সোহিনী। একাধিক অনুষ্ঠান ও একসঙ্গে করেছেন শোভন এবং সোহিনী। তবে এবার, জীবনের নতুন ইনিংসে পা রাখতে চলেছেন শোভন-সোহিনী। বাবা মা হতে চলেছেন তাঁরা। এর আগে গুঞ্জন ছড়িয়েছিল যে, ২ থেকে ৩ হতে যাচ্ছেন শোভন এবং সোহিনী। তবে সদ্যই একটি অনুষ্ঠানে গিয়ে, তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলে উত্তর দিতে চাননি সোহিনী। তাঁরা সম্ভবত পরিকল্পনা করেছিলেন যে, বিবাহবার্ষিকীর দিনই প্রকাশ্যে আনবেন সুখবরটা। সেই মতো, সোহিনী পোস্ট করলেন যে, ‘৩ বছরের বিবাহবার্ষিকীতে ২ থেকে ৩ হওয়ার পথে’। সদ্যই ‘বহুরূপী ২’-এর শ্যুটিংয়ের কাজ শেষ করেছেন তিনি। আপাতত নতুন করে আর কোনও কাজ হাতে নেবেন না তিনি।