সন্দীপ সরকার, কলকাতা: শুক্রবার ঘড়িতে তখন বিকেল পৌনে পাঁচটা। সূর্যের তেজ তখনও বেশ টের পাওয়া যাচ্ছে। ইডেন গার্ডেন্সের হোমটিমের ড্রেসিংরুম থেকে মাঠে বেরিয়ে এলেন কলকাতা নাইট রাইডার্সের কোচ অভিষেক নায়ার। হাতে একখানা কাগজ। সঙ্গী দলের মেন্টর ডোয়েন ব্র্যাভো। কেকেআরের নেট টাঙানো হয়েছিল যেখানে, তার পাশে দাঁড়িয়ে খানিকক্ষণ আলোচনা চলল। কিছুক্ষণের মধ্যেই সেখানে যোগ দিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে ও সহ অধিনায়ক রিঙ্কু সিংহ।
কী নিয়ে আলোচনা হল?
কেকেআরের প্র্যাক্টিস শেষ হওয়ার পর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, পয়েন্ট টেবিল নিয়ে কথাবার্তা হয়েছে। প্লে অফের অঙ্ক নিয়ে কথা হয়েছে। তবে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে রবিবার দিল্লি ক্যাপিটালসকে দাপটের সঙ্গে হারানোর ওপর।
যদিও, রবিবার সন্ধ্যা সাতটায় যখন অক্ষর পটেলের সঙ্গে টস করতে যাবেন রাহানে, ততক্ষণে মোটামুটিভাবে বোঝা যাবে যে, কেকেআরের ম্যাচের ওপর আদৌ প্লে অফের সমীকরণ দাঁড়িয়ে আছে কি না। তার আগেই যে হয়ে যেতে পারে প্লে অফের ধাঁধার সমাধান।
কীভাবে?
শোনা গেল, সেটা নিয়েই খানিকক্ষণ চর্চা হয়েছে কেকেআরের থিঙ্ক ট্যাঙ্কের। পয়েন্ট টেবিলে এখন যা অবস্থা, তাতে প্লে অফের দৌড়ে একটি জায়গার জন্য লড়াই চার দলের। রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। যদিও দিল্লির দৌড় শেষ বললে অত্যুক্তি হবে না। কারণ, খাতায়-কলমে শেষ ম্যাচ জিতলে দিল্লি দৌড়ে থাকতে পারে বটে, কিন্তু রান রেটে তারা এতটাই পিছিয়ে যে, অক্ষর-কে এল রাহুলরা প্লে অফে ওঠা আর মে মাসের শেষ সপ্তাহে কলকাতায় তুষারপাত একইরকম অবাস্তব।
বাকি তিন ম্যাচের ওপর দাঁড়িয়ে কেকেআরের ভবিষ্যৎ। একটি, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে রবিবার তাদের নিজেদের ম্যাচ। যে ম্যাচে জিততেই হবে নাইটদের। যতটা বড় ব্যবধানে জেতা যায়, ততই ভাল।
আরও পড়ুন: মরণ-বাঁচন ম্যাচের আগে বিরাট ধাক্কা কেকেআরের, ছিটকে গেলেন আইপিএলে সবচেয়ে বেশি রান করা তরুণ!
এছাড়া কেকেআর তাকিয়ে শনিবারের লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংস এবং রবিবার বিকেলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের দিকে। লখনউ ও মুম্বই জিতে গেলে, আর কেকেআর নিজেদের শেষ ম্যাচে জিতলে প্লে অফে যাবে নাইটরাই। তবে পঞ্জাব যদি টানা ৬ ম্যাচে হারের অবিশ্বাস্য বিপর্যয় কাটিয়ে লখনউকে হারিয়ে দেয়! শ্রেয়স আইয়ারদের পয়েন্ট হবে ১৫। কেকেআর শেষ ম্যাচে জিতলে তারাও ১৫ পয়েন্টেই থাকবে। তবে পঞ্জাব নেট রান রেটে ঢের এগিয়ে। তাই চাপ বাড়বে কেকেআরের।
আর রাজস্থান যদি মুম্বইকে হারায়। সেক্ষেত্রে পঞ্জাব ও কেকেআর, একসঙ্গে ছুটি হয়ে যাবে দুই দলেরই। কারণ, ১৬ পয়েন্টে পৌঁছে যাবে বৈভব সূর্যবংশীরা।
নিজেদের ম্যাচে জেতার শপথ নেওয়ার পাশাপাশি কেকেআর তাই পঞ্জাব ও রাজস্থানের হারের প্রার্থনাও করছে জোরকদমে।