কলকাতা: তিনি টি-২০ বিশ্বকাপে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটশিকারি। ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম কারিগর। তবে টি-২০ বিশ্বকাপের শেষ লগ্ন থেকেই ছন্দ হারান। সুপার সিক্সে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের হাতে মার খেয়ে যেন ছন্দপতনের শুরু। আইপিএলের শুরুর দিকেও ফিকে ছিলেন।

বরুণ চক্রবর্তী স্বমহিমায় ফেরেন আইপিএলের মাঝপর্বে। টুর্নামেন্ট যত এগিয়েছে, বলের ধার বেড়েছে তামিলনাড়ুর বিস্ময় স্পিনারের। ফের আগের মতোই বল হাতে ঘাতকের ভূমিকায়। টুর্নামেন্টে প্রথম ৬ ম্যাচে পাঁচ পরাজয়ের পর যখন শাহরুখ খানের দল কোণঠাসা, বিদায়ের অপেক্ষায়, তখনই ঘুরে দাঁড়ানোর অন্যতম কারিগর বরুণ। টানা চার ম্যাচ জিতে কেকেআর যে ফের প্লে অফের দৌড়ে সামান্য হলেও বেঁচে রয়েছে, তার রূপকার বরুণ ও সুনীল নারাইন – কেকেআরের স্পিন ফলা।

সেই বরুণ কি না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে আগের ম্যাচে খেলতেই পারেননি। পায়ের চোটে কাবু তিনি। টুর্নামেন্টের শুরুর দিকে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। ফিরে এসে ভেল্কি দেখাচ্ছিলেন। ফের চোট পান। আরসিবির বিরুদ্ধে আগের ম্যআচে তাঁকে ছাড়া হেরেছে কেকেআর। শনিবার ইডেনে মরণ-বাঁচন ম্যাচ। হারলেই প্লে অফের দৌড় থেকে কেকেআরের পাকাপাকিভাবে বিদায়। নাইট ভক্তদের স্বস্তি দিয়ে শুভমন গিলদের বিরুদ্ধে খেলছেন বরুণ।