RBI নির্ধারিত নতুন রিডেম্পশন মূল্য অনুযায়ী, এই সিরিজের বিনিয়োগকারীরা সোনার দামের বৃদ্ধির কারণেই ২৫৭ শতাংশেরও বেশি রিটার্ন পেয়েছেন। জেনে নিন, RBI কত দাম নির্ধারণ করেছে, বিনিয়োগকারীদের কত লাভ হয়েছে এবং এই ক্ষেত্রে করের নিয়ম কী।
RBI-এর নিয়ম অনুযায়ী, India Bullion and Jewellers Association (IBJA) প্রকাশিত ৯৯৯ বিশুদ্ধতার সোনার আগের তিন কার্যদিবসের ক্লোজিং প্রাইসের গড় হিসেব করে প্রি-ম্যাচিউর রিডেম্পশন মূল্য নির্ধারণ করা হয়।
রিডেম্পশন মূল্য: প্রতি ইউনিট (১ গ্রাম) ₹১৪,১৭০
কবে থেকে ভাঙানো যাবে: ২১ জুলাই, ২০২৬ থেকে
৫ বছরে ১ লক্ষ টাকা বেড়ে হল প্রায় ৩.৫৭ লক্ষ টাকা
SGB 2019-20 Series VIII চালু হয়েছিল জানুয়ারি ২০২০-এ। এই বন্ড বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে।
ধরা যাক, কোনও বিনিয়োগকারী ২০২০ সালে অনলাইনের মাধ্যমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। আজ সেই বিনিয়োগের মূল্য বেড়ে প্রায় ৩.৫৭ লক্ষ টাকা হয়েছে।
অর্থাৎ, শুধুমাত্র সোনার দাম বৃদ্ধির কারণেই ২৫৭ শতাংশের বেশি রিটার্ন মিলেছে। এর সঙ্গে সরকারের দেওয়া প্রতি বছর ২.৫ শতাংশ হারে সুদ যোগ করা হয়নি। সেই সুদ আলাদা করে বিনিয়োগকারীরা পেয়েছেন।
RBI-এর নির্দেশিকা অনুযায়ী, সভরেন গোল্ড বন্ডের মেয়াদ ৮ বছর। তবে, ইস্যুর তারিখ থেকে ৫ বছর পূর্ণ হলে এবং নির্ধারিত সুদ প্রদানের তারিখে বিনিয়োগকারীরা চাইলে বন্ড আগেই ভাঙাতে পারেন। যেহেতু SGB 2019-20 Series VIII ইতিমধ্যেই ৫ বছর পূর্ণ করেছে, তাই এই সিরিজের বিনিয়োগকারীরা এখন প্রি-ম্যাচিউর রিডেম্পশনের সুযোগ পাচ্ছেন।
যদি আপনি এখনই এই বন্ড ভাঙানোর পরিকল্পনা করেন, তাহলে কর সংক্রান্ত নিয়মগুলি অবশ্যই জেনে রাখা উচিত।
ক্যাপিটাল গেইনস ট্যাক্স-
পরিবর্তিত কর ব্যবস্থার অধীনে, প্রি-ম্যাচিউর রিডেম্পশন করলে লাভের উপর ক্যাপিটাল গেইনস ট্যাক্স প্রযোজ্য হবে।
যাঁরা অরিজিনাল সাবস্ক্রাইবার (Original Subscriber) এবং সম্পূর্ণ ৮ বছরের মেয়াদ পর্যন্ত বন্ড ধরে রাখবেন, শুধুমাত্র তাঁরাই ক্যাপিটাল গেইনস ট্যাক্স থেকে সম্পূর্ণ ছাড় পাবেন।
সেকেন্ডারি মার্কেট থেকে কেনা SGB- এর ক্ষেত্রে যদি কেউ সেকেন্ডারি মার্কেট থেকে SGB কিনে থাকেন, তাহলে তিনি মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেও ক্যাপিটাল গেইনস ট্যাক্সে ছাড় পাবেন না।
Sovereign Gold Bond আবারও প্রমাণ করেছে যে, ফিজিক্যাল সোনা কেনার তুলনায় এটি নিরাপদ এবং অধিক লাভজনক একটি বিনিয়োগের মাধ্যম। এতে একদিকে যেমন সোনার দামের বৃদ্ধির সুবিধা পাওয়া যায়, অন্যদিকে প্রতি বছর ২.৫ শতাংশ নিশ্চিত সুদও মেলে।
আপনি যদি এই সিরিজে বিনিয়োগ করে থাকেন এবং বর্তমানে অর্থের প্রয়োজন থাকে, তাহলে ২১ জুলাই, ২০২৬ থেকে RBI নির্ধারিত রিডেম্পশন মূল্যে বন্ড ভাঙিয়ে এই আকর্ষণীয় রিটার্নের সুবিধা নিতে পারেন।