কলকাতা: অভিনয় করছেন তো দীর্ঘদিনই.. কিন্তু এই প্রথম প্রযোজনায় পা রেখেছিলেন তিনি। ‘জি ফাইভ’-এর সঙ্গে হাত মিলিয়ে, একটি নতুন ওয়েব সিরিজ প্রযোজনার কাজ করছিলেন তিনি। প্রযোজনার পাশাপাশি, এই সিরিজে অভিনয় ও করছিলেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। ছবির শ্যুটিং চলাকালীন, যথেষ্ট দায়িত্ব নিয়েছিলেন বিক্রম। তবে হঠাৎ, নতুন সিনেমা ‘তারকাটা’-র প্রযোজনা থেকে সরলেন বিক্রম। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দেওয়া হয়েছে, বিক্রমের টিমের তরফ থেকে। সেখানে জানানো হয়েছে, সিরিজে অভিনয় করলেও, অন্যান্য যাবতীয় দায়িত্ব পালন করলেও, আর ‘তারকাটা’-র প্রযোজনা করবেন না বিক্রম।
কী লেখা হল বিবৃতিতে?
সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে এদিন জানানো হয়েছে, ‘কিছু কিছু সৃজনশীল পার্থক্যের কারণে, ‘বিক্রম চ্যাটার্জী ফিল্মস’ সিদ্ধান্ত নিয়েছে, আগামী সিরিজ ‘তারকাটা’ থেকে সরে দাঁড়ানোর। জি ফাইভ-এ প্রিমিয়ার হওয়ার কথা এই সিরিজের। তবে সিদ্ধান্ত অনুযায়ী, বিক্রম চট্টোপাধ্যায় এই ছবির প্রযোজকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ‘বিক্রম চ্যাটার্জী ফিল্মস’-এই সিরিজের প্রযোজনা সংস্থার সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করেছে। তবে বিক্রম চট্টোপাধ্যায় এই কাজটির প্রতি এখনও সমানভাবে দায়বদ্ধ। ছবির প্রচারে যা যা প্রয়োজন, যা যা পরিকল্পনা করা হয়েছে… সমস্ত দায়িত্বই পালন করবেন বিক্রম চট্টোপাধ্যায়। দর্শকদের কাছে আর্জি, আগামী পদক্ষেপ কী হবে, সেটা জানানো পর্যন্ত অপেক্ষা করুন। আগামী সমস্ত আপডেট জানানো হবে।’ সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানতে চেয়েছেন, কেন এইরকম সিদ্ধান্ত? এবিপি লাইভ বাংলার তরফ থেকেও বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। তবে তিনি উত্তর দেননি।
নিজের চরিত্র নিয়ে কী বলেছেন বিক্রম?
এই ছবিতে এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিক্রম বলেছিলেন, ‘আমার চরিত্রটা ভীষণ ভালভাবে লিখেছে শমীক (Samik Roy Chowdhury)। গোটা বিষয়টা আমায় ভীষণ আকর্ষণ করেছিল। সিরিজে আমার ২টো লুক এবং কার্যত ২টো চরিত্রায়ণ রয়েছে। একই সিরিজে ২টো চরিত্রে অভিনয় করেছি, এটা বলা যেতেই পারে। জি ফাইভ এমন কিছু কাজ করছে, যেটা বাংলায় এর আগে হয়নি। ‘তারকাটা’ ঠিক সেইরকমই একটা কাজ। সিরিজটায় যথেষ্ট অভিনয়ের জায়গা রয়েছে, পাশাপাশি অ্যাকশন ও রয়েছে।’
আরও পড়ুন: Soumitrisha Kundoo: ‘নারীকেন্দ্রিক কাজ বিশেষ পছন্দ’, ফের নতুন কাজ ফিরছেন সৌমিতৃষা কুণ্ডু