Last Updated:
Kunal Ghosh: শুক্রবার কী হতে চলেছে বিধানসভায়? বড় হুঁশিয়ারি দিয়ে দিলেন কুণাল ঘোষ। আজ তিনি বলেন, ‘হাউজের মধ্যে স্পিকার গণতন্ত্র ধ্বংস করে দিয়েছেন।’
কলকাতা: বুধবারের বিধানসভার ঘটনার পর আজ বিধানসভায় এসে মুখ খুললেন কুণাল ঘোষ। বিধানসভায় এসে এদিন নব তৃণমূলের শিবিরের আসনে উপস্থিত হতে দেখা যায় কুণালকে। সেখানে গিয়ে ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, বিপ্লব মিত্র ও সমর মুখোপাধ্যায়ের পাশে বসেন।
ফিরহাদ হাকিম ও সন্দীপন সাহার সঙ্গে দীর্ঘ সময় কথা বলতেও দেখা যায় তাঁকে। সেইসময় আখরুজ্জামানের সঙ্গেও কথা হয় কুণালের। আখরুজ্জামানকে কুণাল ঘোষ বলেন, “আমার আপনার প্রতি কোনও রাগ নেই। আমাকে ভুল বুঝবেন না। কিন্তু আমাকে বলতে দেওয়া হোক।”
পরে সরকারের অবস্থান নিয়ে সমালোচনা করে কুণাল বলেন, “সরকার পক্ষের মদতে, স্পিকার পোষিত যারা বিরোধী বলে চিহ্নিত তাদের দ্বারা আমার কন্ঠরোধ অব্যাহত আছে। সরকার পক্ষ চাইছেন, সরকার চালাবেন আর বিরোধী দল দেখবেন। শোভনদেব চট্টোপাধ্যায় পয়েন্ট অফ অর্ডার তুলেছিলেন। কিন্তু আলোচনা করতে দেওয়া হল না। কিন্তু অধ্যক্ষ আজ বললেন কলঙ্কজনক অধ্যায় হয়েছে গতকাল। কলঙ্ক তো আমাকে বাদ দেওয়ার। অধ্যক্ষ বলেন, আমি ধাক্কাধাক্কি করেছি। কিন্তু আমি ধাক্কাধাক্কি করিনি। কারও গায়ে হাত দিইনি। আমি অধ্যক্ষকে সম্মান করি। কিন্তু কলঙ্কজনক বললেন কেন?”
কুণাল বলেন, “আমার নাম শোভনদেব চট্টোপাধ্যায় আবার পাঠিয়েছেন পুর ও নগরায়ণ দফতর নিয়ে আলোচনায়। কিন্তু আখরুজ্জামান শোভনদেব চট্টোপাধ্যায়কে বলেছেন, আর যার নাম দিন আমার নাম দেওয়া যাবে না। বিএ কমিটির বৈঠকেও শুনলাম আমাকে যাতে বলতে না দেওয়া হয়, তা বলেছেন। বিজেপি বিধায়করা আমাকে বলেছেন, আগামিকাল আবার ব্লক করবে আমায়। স্পিকারের নিরপেক্ষতা নেই। রথীন বাবু ভদ্রলোক। কিন্তু তিনি চালাতে পারছেন না। সহজ ভাবে চালাতে না পারলে সেটা তার ব্যর্থতা। আগামিকাল আমি তৈরি হয়ে আসব। বিজেপির দালাল আখরুজ্জামান, বলতে না দিলে দেখুন…..!”
“আমি আজ আখরুজ্জামানকে জানিয়েছি আমি অপমান করিনি। আমাকে ও জানায় অন্য কেউ নাম দিতে বারণ করেছে। পরে ও বলে ফিরহাদ হাকিম ও জাভেদ খান বারণ করেছেন। আমাকে ভয় পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে। হাউজের মধ্যে স্পিকার গণতন্ত্র ধ্বংস করে দিয়েছেন। তাকে আনুষঙ্গিক নানা কথা শুনতে হচ্ছে। আগামিকাল দেখুন কী হয়।”
Kolkata,West Bengal
