Last Updated:
আখরুজ্জামানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জেরে বিধানসভায় সাসপেন্ড করা হয়েছে কুণাল ঘোষকে। এই নিয়ে কুণাল ঘোষের আচরণের নিন্দা করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা।
কলকাতা: বিধানসভায় সাসপেন্ড করা হয়েছে কুণাল ঘোষকে। এই নিয়ে এবার মুখ খুললেন অগ্নিমিত্রা পাল। কুণাল ঘোষের আচরণের নিন্দা করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা।
বিধানসভাতে কুণাল ঘোষকে সাসপেন্ড করা নিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “কুণালবাবু যে ধরনের অসভ্যতা করেন, উনি ভাবছেন এখনও ওনার সরকারই রাজত্ব করছে। ওনার সরকারের কোনও ডিসিপ্লিন ছিল না। আমরা বিগত দিনে অনেক সহ্য করেছি। স্পিকার বার বার বলেছেন আসনে বসতে। কিন্তু উনি ভাবছেন বিধানসভাটা ওনার বসার ঘর। গণতন্ত্রের মন্দিরে আর এসব allow করা হবে না। বিগত তৃণমূল সরকারের আমলে আমাদের কন্ঠরোধ করা হয়েছে বারবার। আমরা ন্যায্য বিচারের দাবিতে সরব ছিলাম। আর কুণালবাবু স্রেফ ফুটেজ খাওয়ার জন্য এ সব করেছেন। আমাদের সরকার এসব অসভ্যতা কোনও অবস্থাতেই বরদাস্ত করবে না।”
ঋতব্রত পন্থী তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক আখরুজ্জামানের দিকে তেড়ে গেলেন কুণাল ঘোষ৷ কোনওক্রমে কুণালকে নিরস্ত করলেন অধিবেশন কক্ষে থাকা অন্যান্য বিধায়করা৷ শেষ পর্যন্ত অধ্যক্ষের নির্দেশে মার্শালরা কার্যত চ্যাংদোলা করে কুণাল ঘোষকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেন৷ কুণাল ঘোষকে এ দিনের মতো বিধানসভা থেকে সাসপেন্ড করারও নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ রথীন্দ্র বসু৷
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিবাদ অনেক রকম হয়৷ এখানে ৭-৮ বারের বিধায়করাও আছেন৷ এরকম অসভ্যতামি আগে দেখিনি৷ আখরুজ্জামান সাহেব অনেক দিনের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী৷ ওনার বাবা হবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি৷ আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের সদস্য তাঁকে শারীরিক ভাবে নির্যাতন করতে এগিয়ে গিয়েছিলেন আমি মুখ্যমন্ত্রী এবং বিধানসভার দলনেতা হিসেবে তীব্র নিন্দা করছি৷’
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 22, 2026 11:51 PM IST
