বেঙ্গালুরু: গতবার ফাইনালে পঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি। প্রথমবার টুর্নামেন্টে খেতাব ঘরে তুলেছিল তারা। গত ১৯ বছরের আইপিএলের ইতিহাসে যতগুলো হাইপ্রোফাইল দল রয়েছে, তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৬ আইপিএলেও ধারাবাহিক ভাল খেলে প্লে অফে জায়গা করে নিয়েছে তারা। বিরাট কোহলিই দলের প্রাণভোমরা। যদিও নেতৃত্বভার সামলাচ্ছেন রজত পাতিদার। তাঁর নেতৃত্বেই গত মরশুমে চ্য়াম্পিয়ন হয়েছে আরসিবি। আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামবে দল। এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলের প্লে অফে আরসিবির পারফরম্য়ান্স কেমন–
এটি আইপিএলের ১৯তম মরশুম। আর ১৯ বারের মধ্য়ে ১১ বার প্লে অফে জায়গা করে নিয়েছেন বিরাটরা। এই রেকর্ডই প্রমাণ করে যে তারা ধারাবাহিকভাবে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের ধরে রাখতে পেরেছে। তবে দলটি এলিমিনেটর, কোয়ালিফায়ার ও একটি সেমিফাইনাল মিলিয়ে মোট ১৭টি নক আউট ম্যাচ খেলেছে প্লে অফে। কিন্তু এর মধ্যে মাত্র সাতটিতে জয় পেয়েছে ও ১০ বার হেরেছে। অর্থাৎ প্লে অফে ১১ বার উঠলেও এরপর জয়ের নিরিখে কিন্তু হারের সংখ্য়ার থেকে পিছিয়ে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটি।
চলতি মরশুমে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে আরসিবি। আইপিএল ২০২৬-এর লিগ পর্যায়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শেষ করেছে তারা। পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। আরসিবির ব্যাটিং লাইন আপ ধারাবাহিকভাবে সফল হয়েছে, আর বোলিং আক্রমণও গুরুত্বপূর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ দারুণ পারফরম্য়ান্স উপহার দিয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে প্লে অফে প্রবেশ করা আরসিবি ফের একবার শিরোপা জয়ের অন্য়তম দাবিদার। আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্য়াচ। এই ম্য়াচ জিতলে সরাসরি ফাইনালে চলে যাবে রজত পাতিদারের দল। যদি একান্ত নাও জিততে পারে তারা, তাহলেও আরও একটি সুযোগ থাকছে।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আরসিবির মুখোমুখি মহারণের রেকর্ডও একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। অতীতে দুই দল মোট আটবার আইপিএলের মঞ্চে মুখোমুখি হয়েছে। যার মধ্যে দুই দলের দখলেই চারটি করে জয় রয়েছে। অর্থাৎ কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়েনি। এই মরশুমেও একে অপরের বিরুদ্ধে দুই দলই একটি করে ম্য়াচ জিতেছে। দুটো শিবিরেই চোট আঘাতের কোনও নতুন করে খবর নেই। আরসিবি এবং গুজরাত টাইটান্সই সবথেকে কম ক্রিকেটার ব্যবহার করেছে খেলানোর ক্ষেত্রে একাদশে। অর্থাৎ সেট একাদশ নিয়েই মাঠে নামবে আরসিবি ও গুজরাত।