নয়াদিল্লি: আইপিএলের গ্রপ পর্ব শেষ হয়ে গিয়েছে। প্লে-অফের চার দলও নির্ধারিত হয়ে গিয়েছে। তবে সেই দলগুলির মধ্যে নেই পঞ্জাব কিংস। এরপরেই ফের একবার ট্রোলের শিকার হয়েছেন শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) বোন শ্রেষ্ঠা (Shresta Iyer)। সেই বিতর্কের মাঝে মুখও খুললেন তিনি।
বিতর্কের সূত্রপাত শ্রেয়স আইয়ারের প্রাক্তন দল কেকেআর ও বর্তমান দল পঞ্জাব কিংসের ম্যাচের পর। বৃষ্টির জেরে ইডেন গার্ডেন্সে আয়োজিত সেই ম্যাচ ভেস্তে যায়। ওই ভেস্তে যাওয়া ম্যাচের মাধ্যমেই কেকেআর নিজেদের পয়েন্টের খাতা খোলে। তখন পঞ্জাব কিংস দুরন্ত ফর্মে, একের পর এক ম্যাচ জিতছে। কিন্তু বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় তিনি এক ভাইরাল রিল পোস্ট করে দাবি করেন কেকেআরকে এক পয়েন্ট দিয়ে এসেছেন তাঁরা। তাঁকে সেই ভিডিওতে বলতে শোনা যায়, ‘আমাদের পাঞ্জাবিদের মন অনেকটা বড় হয়। যাও দিলাম এক পয়েন্ট’।
এই ভিডিও অনেকেই একেবারেই ভালভাবে নেননি, বিশেষত যেখানে ম্যাচে মাত্র ২২ বল খেলা হয়েছিল, সেখানে এহেন মন্তব্য অনেকেরই কেকেআরের প্রতি অপমানজনক বলেই মনে হয়। কড়া সমালোচনার মুখে সেই ভিডিওটি ডিলিটও করে দেন শ্রেষ্ঠা। তবে তারপর ভাগ্যের পরিহাসে পঞ্জাব কিংস নিজেরাই প্লে-অফে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়। এরপরেই শ্রেষ্ঠা দুই দফায় একটি ভিডিও প্রকাশ করে ট্রোলারদের জবাব নেন।
তাঁকে বলতে শোনা যায়, ‘রিলটা কেবল মজার ছলেই বানানো হয়েছিল। আমি কাউকে ট্রোল করছিলাম না এবং এর পিছনে আমার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। কারুর বিরুদ্ধেই আমি ঘৃণা ছড়াচ্ছিলাম না। আমার ভাই তো ক্রিকেটার, তাই আমি সব ক্রিকেটারকেই সম্মান করি। আপনারা আমার কাজের জায়গায় ফোন করে, আমায়, আমার সহকর্মীদের, ছাত্রদের, আমাদের পরিবারকে কটূক্তি করা হচ্ছে। আমি তো আমার ভাই হারুক বা জিতুক, ওকে সেলিব্রেট করবই। তবে ট্রোলদের আমাদের পরিবারকে টার্গেট করা ঠিক নয়।’
পঞ্জাব আইপিএলের প্রথম সাত ম্যাচ অপরাজিত থাকার পরে নাগাড়ে ছয় ম্যাচে পরাজিত হয়। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে প্লে-অফে পৌঁছনোর দৌড়ে শেষদিন পর্যন্ত টিকে থাকলেও, শেষমেশ গত বারের ফাইনালিস্টরা গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায়।