কলকাতা: ‘বিগ বস বাংলা’ (Big Boss Bangla)-র ঘরে বিতর্ক আর রাজবীর দে (Ranveer Dey) যেন মুদ্রার এপিঠ ওপিঠ। তিনি এই ঘরে পা রাখার পর থেকেই, একের পর এক বিতর্ক তৈরি হয়েছে এই হাউজে। কখনও বিভিন্ন টাস্ক নিয়ে তো কখনও খাওয়া দাওয়ার জিনিস নিয়ে.. রাজবীর খুব কম সময়েই, এই হাউজের একাংশের বেশ বিরাগভাজন হয়ে উঠেছে। এমনকি এই হাউজে সবচেয়ে নবতম সদস্য যিনি, জিতু কমল (Jeetu Kamal), তিনিও এখন বিরক্ত রাজবীরকে নিয়ে। এই ঘরে এসে, প্রথমের দিকে রাজবীরের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেও, পরবর্তীতে জিতুর মুখে রাজবীরকে নিয়ে বিরূপ কথা শোনা গিয়েছে। রাজবীরের সঙ্গে, বিগ বস বাংলার হাউজের এই মুহূর্তে সবচেয়ে ভাল সম্পর্ক নন্দিনী দত্ত (Nandini Dutta)। সেই কথা অবশ্য তাঁরা ২ জনেই দ্ব্যর্থহীনভাবে শিকার করেন। তবে হাউজমেটদের একাংশ এবার রাজবীরকে নিয়ে পক্ষপাতিত্বর অভিযোগ করলেন, স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বিরুদ্ধেই!
রাজবীরকে নিয়ে বিগ বস হাউজ অসন্তোষ
শনিবার এবং রবিবার, বিগ বস বাংলায় ‘দাদার দরবার’ বলে বিশেষ এপিসোড হয়। এই এপিসোড ২টি, বাকি সারা সপ্তাহের এপিসোডের থেকে কিছুটা আলাদা হয়। এই ২টি এপিসোডে হাজির থাকেন খোদ সঞ্চালক। এবারের সিজিনের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কাজ শুধু এলিমিনেশনের ঘোষণা করাই নয়, হাউজে যদি কোনও ভুল হয়.. সেটা স্পষ্টভাবে প্রতিযোগীদের কাছে তুলে ধরা। রাজবীরকে নিয়ে হাউজ মেটসদের জমে ওঠা ক্ষোভের আঁচ ছিল, সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছেও। এদিন বিগ বসের হাউজে, রাজবীরের জন্য একটি বিশেষ টাস্কের আয়োজন করা হয়েছিল। হাউজমেটসদের এক এক করে ডাকা হয়, এবং বলা হয় রাজবীরকে নিয়ে তাঁদের অভিযোগের কথা জানাতে। পাশাপাশি, যে কোনও একটা উপকরণ ব্লেন্ডার জারে দিতে, যেটা দিয়ে খেলার শেষে তৈরি করা হবে একটি স্মুদি। সেই মতো ব্লেন্ডার জারে একে একে জমা হতে থাকে, টম্যাটো সস, চিলি সস, গোটা গোলমরিচ, ডিম, দুধ.. ইত্যাদি। শেষমেষ সেই কালো মিশেল খেয়েও ফেলেন রাজবীর। তাঁর বিরুদ্ধে হাউড মেটসদের অভিযোগ ছিল, তিনি মানুষকে সম্মান করতে জানেন না। কথায় কথায় প্রায় প্রত্যেককে অপমান করেন এবং স্বার্থপরের মতো ব্যবহার করেন। খেলার শেষে, অদ্ভুত সব জিনিস দিয়ে তৈরি ওই স্মুদি সবটাই খেয়ে ফেলেন রাজবীর। তারপরে বলেন, এই গোটা বিষয়টা তাঁর গেম প্ল্যান। তিনি যা করেন, ইচ্ছাকৃতই করেন। গোটা বিষয়টা নিয়ে তিনি মোটেই অনুতপ্ত নন। বেশ কড়া গলাতেই সেই কথা সঞ্চালককে জানিয়ে দেন রাজবীর।
রাজবীরের খেলার ধারাকে সমর্থন করছেন সৌরভ? প্রশ্ন করে বাকবিতণ্ডায় জড়ালেন জিতু
এই গোটা ঘটনার প্রতিবাদ করেন জিতু। এদিন তিনি সরাসরি সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলেন, ‘তুমি কি কোনোভাবে এই রুক্ষভাবে খেলা, এসে কেড়ে নেওয়া কিছু, বডি গেম.. এগুলোকে সমর্থন করছো? তুমি কি কোনোভাবে এই ভেঙে ফেলব, কেটে ফেলব-টাকে সমর্থন করছো? তাই যদি হয়, আমি কথা দিচ্ছি, আমিই প্রথম হব। সৎ থাকার জন্য আমি আমার বাবা-মাকেও ছেড়ে কথা বলি না।’ জিতুকে থামিয়ে দিয়ে সৌরভ বলেন, ‘তুমি উত্তেজিত হয়ো না। বসো। আমি একেবারেই এই বিষয়গুলোকে সমর্থন করিনি। তবে আমি ভাবতে পারিনি যে, তুমি এইরকম কথা ভাববে। আমি বাড়িতে একটা স্টেবল চরিত্র চাই, সব মানুষ একরকম হয় না। এর মধ্যেই ভালটাকে বের করে আনতে হবে। কিন্তু তোমার এই মনে করাটা আমায় অবাক করল।’ এরপরে জিতু বলেন, যে খেলার শেষে রাজবীর গলা জোর করে, চেয়ারে চাপড় মেরে বলল, ‘আমি এরকমই থাকব’, আমার মনে হয়েছিল, তোমার তরফ থেকে (সৌরভ গঙ্গোপাধ্যায়ের) একটা মতামত আসবে।’ এরপরে তনুশ্রীও জিতুকে সমর্থন করে বলেন, তাঁরও মনে হয়, রাজবীর একটু বেশিই সমর্থন পায়। শেষে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, কোনও প্রতিযোগী যদি বিগ বসের বাড়িতে এমন কোনও ব্য়বহার করেন যা সঠিক নয়, সেটাই তিনি কেবল মনে করিয়ে দেবেন। এটাই তাঁর কাজ, তিনি ব্যক্তিগতভাবে কাউকে সমর্থন করেন না।
আরও পডুন: Anirban Bhattacharya: ‘হুলিগানইজম’-এর নতুন গানে চমক, ফিরলেন পরিচালক অনির্বাণ