Last Updated:
Madan Mitra: ২৯ জুলাই ফের ED দফতরে মদন? দুই ছেলের পর ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে স্ত্রী, পুর নিয়োগ দুর্নীতি তদন্তে আরও বিপাকে কামারহাটি বিধায়ক
কলকাতা: দুই ছেলের পর ইডি দফতরে হাজিরা মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্রের। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ৬ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ চলে তাঁর। এর আগেই মদন মিত্রের দুই ছেলেকেই দফায় দফায় ডেকে পাঠায় ইডি। চলে জিজ্ঞাসাবাদ। ব্যাঙ্ক অ্যাকাউন্টের একাধিক নথি চাওয়া হয়েছিল তাঁদের কাছ থেকে। আইটি রিটার্নের ডক্যুমেন্টসও নিয়ে আসতে হয়েছিল তাঁদের ইডি দফতরে।
প্রসঙ্গত, গত বুধ ও বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দেন মদন মিত্রের দুই ছেলে। এরপর শুক্রবার বেলা ১১ টা নাগাদ ইডি দফতরে পৌঁছন মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র। এদিন সকালে ছোট ছেলে শুভরূপের সঙ্গে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে আসেন তিনি। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়ে লিফটে উঠে যেতে দেখা যায় তাঁকে। পরে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাতে বেরিয়ে যাওয়ার সময়ও কিছু বলেননি মদন-পত্নী।
সূত্রের খবর, দেখা গিয়েছে কামারহাটি পৌরসভায় মদন মিত্র বিধায়ক থাকাকালীন বিপুল পরিমানে নিয়োগ হয়েছিল। কমপক্ষে ১২৫ জনের ঘুষের বিনিময়ে বেআইনি ভাবে চাকরি হয়েছিল বলে অভিযোগ। ইডি সূত্রের খবর, সেই সময় অয়ন শীলের কোম্পানির থেকে বিপুল অঙ্কের টাকা মদন মিত্রের দুই ছেলে ও স্ত্রী অর্চনা মিত্রের অ্যাকাউন্টে ঢুকেছিল।
এই সমস্ত নিয়েই শুক্রবার রাত পর্যন্ত মদন মিত্রের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলে বলে জানা যাচ্ছে ইডি সূত্রে। আগামী ২৯ জুলাই পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রকে ডাকা হয়েছে ইডি দফতরে। পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া বয়ানের ভিত্তিতে এবার ওইদিন কামারহাটির বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে।
সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের স্ত্রী-পুত্রদের তলব করে নোটিস পাঠিয়েছিল এনফোস্টমেন্ট ডিরেক্টরেট। এই নোটিস পাওয়ার পর পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে পা রাখেন মদন মিত্র। এই নিয়ে বিতর্ক হতেই মদন জানিয়েছিলেন, ইডির থেকে এবি (অভিষেক বন্দ্যোপাধ্য়ায়) বেশি ভয়ের। শিবির বদলের পরই তদন্তে সবরকম সাহায্যের বার্তা দেন তিনি।
Kolkata,West Bengal
