Last Updated:
Nadia News: মৃত গৃহবধূর পরিবার সূত্রে জানা গিয়েছে, টাকার জন্য প্রতিনিয়ত তাঁদের মেয়ের উপর অত্যাচার করত জামাই। এদিনও নেশার জন্য টাকা চেয়েছিল। না দেওয়ায় শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়।
নাকাশিপাড়া, নদিয়া, মৈনাক দেবনাথঃ স্ত্রীর কাছে নেশার টাকা না পাওয়ায় তাঁকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। স্বামীর পাশাপাশি তাঁর পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি সুপার মার্কেট এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, মৃত গৃহবধূর নাম সুনীতি সর্দার। বছর চারেক আগে ভরত মন্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়। প্রায়ই নেশা করে স্ত্রীর সঙ্গে অশান্তি করতেন ভরত। একইভাবে এদিন দুপুরেও স্ত্রীর কাছে টাকা চাওয়া নিয়ে অশান্তি হয়। এরপরেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ।
এদিকে দুপুরের পর থেকে মেয়ের সঙ্গে তাঁর বাপের বাড়ির লোক যোগাযোগ করতে পারছিল না। এরপর খোঁজখবর নিয়ে তাঁরা জানতে পারেন, মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে তাঁর স্বামী। খুনের কথা স্বীকারও করে নিয়েছেন ভরত।
এরপর অভিযুক্ত ভরত মন্ডল সহ মৃত গৃহবধূর শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত গৃহবধূর পরিবার সূত্রে খবর, টাকার জন্য প্রতিনিয়ত তাঁদের মেয়ের উপর অত্যাচার করতেন ভরত। এদিন দুপুরেও নেশার জন্য স্ত্রীর কাছে টাকা চায় সে। স্ত্রী টাকা দিতে অস্বীকার করায় তাঁকে শ্বাসরোধ করে খুন করে। ইতিমধ্যেই মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে স্বামী সহ তাঁর পরিবারের কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে। গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
Nadia,West Bengal
Nadia News: নেশার টাকা না দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে খু*ন! গ্রেফতার স্বামী-শাশুড়ি, নাকাশিপাড়ায় চাঞ্চল্যকর ঘটনা
