সন্দীপ সরকার, কলকাতা: ভোটের প্রচারে এসে ঝাড়গ্রামে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তারপর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বারবার উঠে এসেছে ঝালমুড়ির প্রসঙ্গ। এবার ইডেন গার্ডেন্সেও ঝালমুড়ি সংস্কৃতি! ঝালমুড়ি খেতে খেতে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (KKR vs MI) ম্যাচ দেখলেন রাজ্যের মন্ত্রী, বিজেপির বিধায়ক দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
বিজেপি (BJP) বিপুল ভোটে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর ব্রিগেডে শপথগ্রহণের অনুষ্ঠান। সেদিনই ব্রিডেডে বসেছিল ঝালমুড়ির স্টল। নির্বাচনী আবহে বারবার ঝালমুড়ি প্রসঙ্গ টেনে এনেছেন মোদি থেকে শুরু করে অমিত শাহ, শুভেন্দু অধিকারী, সকলেই। এমনকী দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পর্যন্ত ঝালমুড়ি খাওয়ার ছবি শেয়ার করেছিলেন সমাজ মাধ্যমে।
নেদারল্যান্ডসে গিয়েও প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল সেই ঝালমুড়ির কথা। নেদারল্যান্ডসে বসবাসকারী ভারতীয়দের সামনে ভাষণ দেওয়ার সময় পশ্চিমবঙ্গের কথা বলেছিলেন তিনি। দর্শক আসন থেকে তখন ভেসে আসছে উত্তেজিত জনতার চিৎকার। প্রধানমন্ত্রীও পাল্টা বলেন, ‘ঝালমুড়ি কি এখানেও পৌঁছে গিয়েছে?’
রাজ্যে পরিবর্তনের পর এবার ইডেনেও পৌঁছে গেল ঝালমুড়ি। বুধবার ইডেনে মুখোমুখি হয়েছে কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে। কেকেআরের ভাগ্য এখন সরু সুতোর ওপর ঝুলছে। প্লে অফে যাওয়ার সামান্যতম আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে বাকি দুই ম্যাচ। যার প্রথমটি বুধবার মুম্বইয়ের বিরুদ্ধে।
যদিও ম্যাচের মাঝে বাদ সাধে বৃষ্টি। ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় ৮.১৫ । ম্যাচ বন্ধ হয়ে যায় বৃষ্টিতে । প্রথমে ব্য়াট করে তখন মুম্বইয়ের স্কোর ৫৭/৪ । খেলা বন্ধ রইল এক ঘণ্টা ।
ঠিক সেই সময়ই ইডেনে এলেন দিলীপ। ক্লাব হাউসে বিধায়ক ও বিধানসভার স্পিকার তাপস রায়, বৈশালী ডালমিয়া, তমোঘ্ন ঘোষদের সঙ্গে বসে খেলা দেখলেন। হাতে ঝালমুড়ির ঠোঙা। বললেন, ‘উত্তরবঙ্গে গিয়েছিলাম। খানিক আগেই সেখান থেকে ফিরেছি। ফিরেই খেলা দেখতে চলে এলাম।’
কেকেআর মাঠে তখন বেশ চাপে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্সকে। দিলীপ বললেন, ‘আমি কেকেআরের সমর্থক। ওরা এখনও প্লে অফে যেতে পারে। শেষ দুই ম্যাচ জিততে হবে। শুরুর দিকে কয়েকটা ম্যাচ ভাল যায়নি। শুরুটা ভাল হলে এতদিনে আমরা প্লে অফে পৌঁছে যেতাম।’
আরও পড়ুন: হাসিন জাহানের করা মামলায় বেকসুর খালাস মহম্মদ শামি