Last Updated:
Suvendu Adhikari: দায়িত্ব নেওয়ার পর ১১ দিন পেরিয়েছে, তারমধ্যেই সীমান্তে সুরক্ষা জোরদার করলেন মুখ্যমন্ত্রী। বুধবারই বিএসএফ-কে কাঁটাতার দেওয়ার জন্য জমি হস্তান্তর করল রাজ্য। মুখ্যমন্ত্রী জানান, অনুপ্রবেশকারীদের গ্রেফতার করবে পুলিশ
কলকাতা: সীমান্ত সুরক্ষায় নজর মুখ্যমন্ত্রীর। অনুপ্রবেশ রুখতে, কাঁটাতারের জন্য BSF-কে জমি দিল রাজ্য। প্রথম দফায় কাঁটাতার দিতে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করল রাজ্য। মোট ৪ হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের। এর মধ্যে বাংলায় রয়েছে ২২০০ কিমি। সীমান্তে ৬০০ কিমি এলাকায় এখনও কাঁটাতার নেই। ক্ষমতায় আসার ১১ দিনের মধ্যেই জমি হস্তান্তর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায়, ” সীমান্তে কাঁটাতারে অনীহা ছিল আগের সরকারের।”
নবান্নে BSF-কে জমি হস্তান্তরের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ”সিএএ-র অন্তর্ভুক্ত নন যাঁরা, তাঁরা অবৈধ অনুপ্রবেশকারী। তাঁদের রাজ্য পুলিশ গ্রেফতার করে বিএসএফ-এর হাতে তুলে দেবে। তার পর তাঁদের দেশ থেকে বার করে দেওয়া হবে। এই আইন আজ থেকে কার্যকর হবে।” পাশাপাশি তিনি বলেন, ” অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার জন্য একটি চিঠি গত বছর কেন্দ্রীয় সরকার থেকে এ রাজ্যকে পাঠানো হয়েছিল। কিন্তু এই গুরুত্বপূর্ণ আইন আগের সরকার কাজে লাগায়নি। আমরা কার্যকর করলাম।”
অন্যদিকে, মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথম উত্তরবঙ্গ সফরে যাব শুভেন্দু অধিকারী। প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে এবং সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরি করতেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ২০০৯ সাল থেকে বিজেপির পাশে রয়েছে উত্তরবঙ্গ। তার পরেই জানান, এ বার ঋণ শোধের পালা। বিজেপির দেওয়া সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা হবে। শিলিগুড়ির জেলা পার্টি অফিসে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘উত্তরবঙ্গ হল বিজেপির ভদ্রাসন। তাই এই সরকারের উন্নয়নের কাজে উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবে৷ মুখ্যমন্ত্রীর উদ্দেশে যে কোনও পরামর্শ দেবেন জেলা নেতৃত্বকে। নীচে ফোন নম্বর দিয়ে দেবেন । আমি যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করব। জেলা নেতৃত্বের কাছে পরামর্শ দেবেন, আমার কাছে পৌঁছে যাবে। আমার অ্যাপয়েন্টমেন্ট যদি কলকাতায় চান, তাহলে বিশেষ কারণ ছাড়া আমি প্রতি সোমবার এক ঘন্টা পার্টির কার্যালয়ে থাকব, দেখা করবেন।’
Kolkata,West Bengal
