SIP এবং Step-Up SIP-এর মধ্যে পার্থক্য কী?
SIP একটি সহজ বিনিয়োগ পদ্ধতি, যেখানে আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। এর ফলে বাজারের ওঠানামার প্রভাব কমে যায় এবং ধীরে ধীরে একটি শক্তিশালী বিনিয়োগ তৈরি হয়।
অন্যদিকে, Step-Up SIP-কে SIP-এর উন্নত সংস্করণ বলা হয়। এতে আপনি প্রতি বছর আপনার বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে দেন। যাদের আয় সময়ের সঙ্গে বাড়ে, বিশেষ করে চাকরিজীবীদের জন্য এটি খুবই উপকারী।
ধরুন, আপনি যদি শুরুতে ৫,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে পরের বছর সেটি ৬,০০০ টাকা বা ৭,০০০ টাকা পর্যন্ত বাড়াতে পারেন। এর ফলে আপনার আয়ের সঙ্গে সঙ্গে বিনিয়োগও বাড়ে এবং বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
এর সবচেয়ে বড় সুবিধা হল কম্পাউন্ডিং। অর্থাৎ, আপনার বিনিয়োগে যে রিটার্ন আসে, ভবিষ্যতে সেই রিটার্নও আবার নতুন রিটার্ন তৈরি করতে শুরু করে।
ধরা যাক, আপনি ১ লক্ষ টাকা বিনিয়োগ করলেন এবং তাতে ১০% রিটার্ন পেলেন। তাহলে এক বছর পরে সেই টাকা বেড়ে হবে ১.১০ লক্ষ টাকা । পরের বছর রিটার্ন ১ লক্ষ টাকার ওপর নয়, বরং ১.১০ টাকার লক্ষের ওপর হিসেব হবে। এই প্রক্রিয়াই সময়ের সঙ্গে আপনার বিনিয়োগকে দ্রুত বাড়িয়ে তোলে। SIP এবং Step-Up SIP—দুই ক্ষেত্রেই কম্পাউন্ডিংয়ে এই প্রভাব দেখা যায়।
যদি কেউ ১০ বছর ধরে প্রতি মাসে ৫,০০০ টাকা করে SIP করেন এবং গড়ে বছরে ১২% রিটার্ন পান, তাহলে মোট বিনিয়োগ হবে ৬ লক্ষ টাকা । যা বেড়ে প্রায় ১১.৫ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
অন্যদিকে, একই ব্যক্তি যদি Step-Up SIP বেছে নেন এবং প্রতি বছর ১০% করে বিনিয়োগ বাড়ান, তাহলে মোট বিনিয়োগ প্রায় ৯ থেকে ১০ লক্ষ টাকা হতে পারে। কিন্তু সেই ফান্ড বেড়ে প্রায় ১৭ থেকে ১৮ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।
এছাড়া, ৫,০০০ টাকা দিয়ে শুরু করে ২০ বছর ধরে প্রতি বছর ১০% করে SIP বাড়ালে এবং গড়ে ১২-১৩% রিটার্ন পেলে প্রায় ১ কোটি টাকার ফান্ড তৈরি করা সম্ভব।
সাধারণ SIP-এ প্রতি মাসে ৫,০০০ টাকা বিনিয়োগ করে কোটিপতি হতে প্রায় ২৬-২৭ বছর সময় লাগতে পারে।
স্পষ্টভাবেই বোঝা যায়, Step-Up SIP-এ সামান্য সামান্য বৃদ্ধি দীর্ঘমেয়াদে বড় পার্থক্য তৈরি করে। বিশেষজ্ঞদের মতে, SIP একটি সহজ ও নিয়মিত বিনিয়োগের পদ্ধতি, যা ছোট বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত উপকারী। এতে ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে এবং বাজারের সঠিক সময় ধরার প্রয়োজন হয় না। পাশাপাশি এটি নিয়মিত সঞ্চয়ের অভ্যাসও গড়ে তোলে।
অন্যদিকে, Step-Up SIP মূল্যস্ফীতির প্রভাব কমাতে সাহায্য করে। আপনার আয় যত বাড়বে, ততই আপনি বিনিয়োগ বাড়াতে পারবেন। ফলে দীর্ঘমেয়াদে বড় ফান্ড তৈরি করা সম্ভব হয়। এই কারণেই একে সম্পদ তৈরির (Wealth Creation) একটি কার্যকর কৌশল হিসেবে ধরা হয়।