Last Updated:
Profitable Farming Ideas: পেশায় সঙ্গীতশিল্পী হলেও নেশার টানে ড্রাগন চাষ শুরু করেন পবিত্র মাইতি। বর্তমানে তাঁর বাগানে ইজরায়েল ইয়েলো-সহ ১০০ প্রজাতির ড্রাগন ফল ফলছে। বছরে লক্ষ লক্ষ টাকা লাভের মুখ দেখছেন তিনি।
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: প্রথাগত ধান বা সবজি চাষের বাইরে গিয়ে বিদেশি ফল ড্রাগন চাষে তাক লাগিয়ে দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের খাকুড়দা এলাকার বাসিন্দা পবিত্র মাইতি। পেশায় সংগীতশিল্পী হয়েও নেশার টানে এবং সোশ্যাল মিডিয়া থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নিজের বাড়ির বাগানেই গড়ে তুলেছেন ড্রাগন ফলের এক বিশাল বাগান। বর্তমানে তাঁর এই বাগান থেকে বছরে কয়েক লক্ষ টাকা আয় হচ্ছে, যা দেখে এলাকার অন্য কৃষকরাও স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছেন।
মনসা প্রজাতির এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদটি চাষ করা অত্যন্ত সহজ এবং এর পুষ্টিগুণও প্রচুর। পবিত্রর বাগানে বর্তমানে ভারত ছাড়াও ইন্দোনেশিয়া, তাইওয়ান ও বাংলাদেশের প্রায় ১০০-র বেশি প্রজাতির ড্রাগন গাছ রয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল ‘ইজরায়েল ইয়েলো ড্রাগন’, বাজারে যার চাহিদা ও দাম দুই-ই তুঙ্গে। প্রায় ২০০-র বেশি চারা নিয়ে সাজানো এই বাগানে এখন নিয়মিত ফলন হচ্ছে। একবার মাচা বেঁধে গাছ বসিয়ে দিলে সামান্য পরিচর্যাতেই এই ফলন পাওয়া সম্ভব।
পবিত্র মাইতি জানান, বছরে প্রায় ছয় থেকে সাতবার এই গাছ থেকে ফল পাওয়া যায়। সাধারণত মে মাস থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত দফায় দফায় ফলন হয়। নভেম্বর মাসে বাগান পরিষ্কার ও সামান্য সার প্রয়োগ করলেই পরবর্তী মরশুমের জন্য গাছ প্রস্তুত হয়ে যায়। তাঁর জানা গিয়েছে, একটি মরশুমে যদি ২ লক্ষ টাকা খরচ করা হয়, তবে বাজার দর অনুযায়ী সেখান থেকে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা আয় করা সম্ভব। বর্তমানে স্থানীয় ও বড় শহরগুলিতে ড্রাগন ফলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাজারে এর দাম প্রতি কেজি প্রায় ২০০ টাকা পর্যন্ত থাকে।
উৎপাদন খরচ কম এবং লাভের পরিমাণ বেশি হওয়ায় গ্রামীণ এলাকার যুব সমাজের কাছে ড্রাগন চাষ এখন উপার্জনের এক নতুন দিশা হয়ে দাঁড়িয়েছে। প্রতিবার প্রতিটি গাছ থেকে গড়ে চার কেজিরও বেশি ফল পাওয়া যায়, যা সরাসরি বাজারে বিক্রি করে আর্থিক লাভের মুখ দেখছেন এই চাষি। সংগীতের সুরেলা জগতের পাশাপাশি মাটির টানে গড়ে তোলা পবিত্রর এই ড্রাগন বাগান এখন এলাকার মানুষের কাছে এক অনুপ্রেরণা।
Paschim Medinipur,West Bengal
May 08, 2026 12:08 PM IST
Profitable Farming Ideas: একবার মাচা বাঁধলেই কেল্লাফতে! বছরে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন মেদিনীপুরের সঙ্গীতশিল্পী, কীভাবে মিলল সাফল্য? জানুন