Last Updated:
তিনটি ক্যাফেকে এমনভাবেই ডিজাইন করা হয়েছে, যেখানে দারুণ কফি আর অর্থবহ আড্ডা একসঙ্গে এসে মিশবে ৷ আর কলকাতার প্রিয় আড্ডা সংস্কৃতির উদযাপন করা হবে ৷
কলকাতা: পূর্ব ভারতের বাজারে প্রবেশ করল ‘Third Wave Coffee’ ৷ কলকাতায় তিনটি ক্যাফে চালুর মাধ্যমে এই অঞ্চলে যাত্রা শুরু করল এই কফি চেইন সংস্থা ৷
বেঙ্গালুরু বেস এই সংস্থা আপাতত কলকাতার বালিগঞ্জ এলাকায় দুটি আউটলেট এবং সল্টলেকে একটি আউটলেট খুলেছে। তারা FY27-এ কলকাতায় আরও ৫ থেকে ৬টি ক্যাফে যোগ করার পরিকল্পনা করছে, যা পূর্ব ভারতের জন্য তাদের কফি শপ সম্প্রসারণ কৌশলেরই একটি অংশ।
দেশজুড়ে ২২০টিরও বেশি ক্যাফে নিয়ে, থার্ড ওয়েভ কফি বলেছে কলকাতা তাদের বৃহত্তর আঞ্চলিক বৃদ্ধির পরিকল্পনার জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে কাজ করবে। এই সংস্থা গুয়াহাটি, রাঁচি, পটনা এবং ভুবনেশ্বর-সহ পূর্ব ভারতের অন্যান্য শহরেও নিজেদের সুযোগ খতিয়ে দেখছে।

সংস্থার সিইও রজত লুথরা জানান, ‘‘কলকাতা পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারগুলোর মধ্যে একটি এবং আমরা এই অঞ্চলে আমাদের যাত্রা শুরু করতে পেরে খুবই উচ্ছ্বসিত… আমরা খুশি যে এমন একটি শহরে কাজ শুরু করছি যেখানে সংস্কৃতি, কমিউনিটি এবং ক্যাফে অভিজ্ঞতার প্রতি এতটা ভালবাসা আছে ৷’’ তিনি আরও জানান, কলকাতাতেও তাঁর আগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ৷ তাই কলকাতায় মানুষ কী পছন্দ করেন, এবং সব এলাকা সম্পর্কেও স্পষ্ট ধারণা তাঁর রয়েছে ৷

দেশজুড়ে ২২০-র বেশি ক্যাফে নিয়ে Third Wave Coffee এবার কলকাতায় চলে এল ৷ পূর্ব ভারতের স্পেশালিটি কফি আর প্রিমিয়াম ক্যাফে অভিজ্ঞতার বাড়তে থাকা চাহিদার প্রতিফলন। কলকাতা শহর এমনিতেই তার ঐতিহ্য ও জমজমাট ক্যাফে কালচারের জন্য পরিচিত ৷ সেখানেই বড় কিছু করতে বদ্ধপরিকর এই ক্যাফে চেইন ৷

অতিথিরা এখানে সিগনেচার ব্রু, স্পেশালিটি সিঙ্গল-অরিজিন কফি, আর্টিসানাল বেক, দ্রুত খাবার আর কিউরেটেড ফুড উপভোগ করতে পারবেন। কলকাতার ক্যাফেগুলোতে এক্সক্লুসিভ মেনু অ্যাডিশনও থাকবে, যার মধ্যে থাকবে ব্রেকফাস্টের জনপ্রিয় আইটেম যেমন ‘Turkish Eggs’, ‘Shakshuka’-র মতো খাবারও ৷
Kolkata,West Bengal
পূর্ব ভারতে চলে এল দেশের জনপ্রিয় ক্যাফে সংস্থা, কলকাতায় শুরুতেই ৩টে আউটলেট, ভবিষ্যতে সংখ্যা আরও বাড়ানোই লক্ষ্য
