Last Updated:
Hospital: চিকিৎসা ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি, হাসপাতালে চলবে না ‘সিন্ডিকেট রাজ’, বরদাস্ত করা হবে না কোন গাফিলতি, আরও উন্নত হবে চিকিৎসা পরিষেবা।
বর্ধমান : চিকিৎসা ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি। হাসপাতালে চলবে না কোনও ‘সিন্ডিকেট রাজ’, বরদাস্ত করা হবে না কোনও গাফিলতি, আরও উন্নত হবে চিকিৎসা পরিষেবা। মঙ্গলবার হাসপাতাল পরিদর্শনে এসে কড়া বার্তা বর্ধমান দক্ষিণের বিজেপি বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্রের। পাশাপাশি জানালেন হাসপাতাল নিয়ে একাধিক পরিকল্পনার কথা।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান বাড়াতে এবং অভ্যন্তরীণ অব্যবস্থা দূর করতে এবার জিরো টলারেন্স নীতি নিলেন বর্ধমান দক্ষিণের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র। এদিন সকালে তিনি যান বর্ধমান মেডিক্যালে।প্রথমে হাসপাতালের সুপার তাপস ঘোষের সঙ্গে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো উন্ময়ন নিয়ে বৈঠক করেন।এরপরই তিনি মহিলা বিভাগ, শিশু বিভাগ, ব্লাড বিভাগ পরিদর্শন করেন।এমনকি হাসপাতালে আসা রোগীর পরিজনদের সঙ্গেও কথা বলেন তিনি। শিশু বিভাগের সামনে থাকা রোগীর পরিজনরা তাঁকে শিশু বিভাগের বাইরে পানীয় জলের অপ্রতুলতার কথা ও একটি সেডের জন্য আবেদন জানান।
ব্লাড ব্যাঙ্ক পরিদর্শনে গেলে ব্ল্যাড ব্যাঙ্কের কর্মীরাও তাঁর কাছে একটি রক্ত বহনকারী অ্যাম্বুলেন্সের আবেদন জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শিশু বিভাগের সামনে সেড ও অ্যাম্বুলেন্স ব্যাপারে চিন্তাভাবনা আছে বলে জানান।
তিনি বলেন,বর্ধমান মেডিক্যালে কোনও সিন্ডিকেট রাজ চলবে না। ইতিমধ্যেই এ বিষয়ে কথা বলেছি, প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে,এবিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।তিনি আরও বলেন, বর্ধমান মেডিকেল দক্ষিণবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসাকেন্দ্র,চিকিৎসকদের প্রথমে হাসপাতালে তাঁদের ডিউটির নির্ধারিত পূর্ণ সময় দিতে হবে। হাসপাতালের কর্তব্য শেষ করার পর তবেই তাঁরা অন্য কাজে বা ব্যক্তিগত প্র্যাকটিসে যুক্ত হতে পারবেন।
হাসপাতালের পরিকাঠামো নিয়েও উন্নয়নে বড় ঘোষণা করেন বিধায়িকা।তিনি বলেন, কলকাতার পর এবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেই তৈরি হতে চলেছে রাজ্যের পরবর্তী পূর্ণাঙ্গ ‘বার্ন ইউনিট’। এর ফলে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার জন্য আর কলকাতায় দৌড়াতে হবে না।
এছাড়াও হাসপাতালের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দেন তিনি।বিধায়িকার এই কড়া মনোভাব এবং নতুন পরিকল্পনার ঘোষণায় আশার আলো দেখছেন রোগী ও তাঁদের পরিবার। এখন দেখার, এই ‘জিরো টলারেন্স’ নীতি এবং নতুন প্রকল্পের বাস্তবায়ন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সামগ্রিক রূপরেখাকে কতটা বদলে দিতে পারে।
সায়নী সরকার
May 20, 2026 12:04 AM IST