পরিবহণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফাইয়ুম প্রদেশের দিকে যাওয়া একটি ট্রেন একই লাইনে থাকা অন্য একটি ট্রেনের পিছনে ধাক্কা মারে। দ্বিতীয় ট্রেনটি দক্ষিণ মিশরের আসওয়ানের দিকে যাচ্ছিল।
প্রধান সরকারি কৌঁসুলির দফতর জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান, গিজা-ফাইয়ুমগামী ট্রেনটি একই লাইনে একই দিকে যাত্রা করা কায়রো-আসওয়ান ট্রেনের শেষ কামরায় ধাক্কা মারে। সেই সময় দ্বিতীয় ট্রেনটি দাঁড়িয়েছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রবিবার রাতেই তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছন।
দুর্ঘটনার খবর পেয়েই আশপাশের গ্রামের বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। ক্ষতিগ্রস্ত কামরার ভিতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন তাঁরা। পাশাপাশি জরুরি পরিষেবা দফতরেও খবর দেওয়া হয়।
আল-আয়াতের কাফর গিরজা এলাকার বাসিন্দা আয়মান গামাল জানিয়েছেন, প্রায় ৮০ জন আহত যাত্রীকে অ্যাম্বুল্যান্সে করে আশপাশের হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন তিনি। তাঁর দাবি, দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি কামরার ভিতরে আটকে পড়া কয়েকজন যাত্রীকে উদ্ধার করার সময় মৃত অবস্থায় পাওয়া যায়।
প্রতিবেশী বেনি সুফ প্রদেশের আল-ওয়াস্তা সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া আহত যাত্রীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর গোটা এলাকা আতঙ্ক ও বিভ্রান্তিতে ভরে যায়। সংঘর্ষের জেরে চারদিকে ধুলো ছড়িয়ে পড়ায় অনেক যাত্রীর শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। কামরার ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাই।
ফাইয়ুমগামী ট্রেনের যাত্রী ফারহা গামাল জানিয়েছেন, দুর্ঘটনার পর কয়েকজন যাত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। অন্যদিকে, অনেকে কামরা থেকে বেরনোর পথ খুঁজে পাচ্ছিলেন না।
তাঁর কথায়, “অন্য কয়েকটি কামরা সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছিল।”
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতাহ আল-সিসি সমাজমাধ্যমে জানিয়েছেন, দুর্ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল ও ক্রেন। দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে মিশরের রেল কর্তৃপক্ষ।
মিশরে ট্রেন দুর্ঘটনা নতুন ঘটনা নয়। লাইনচ্যুত হওয়া থেকে শুরু করে দুটি ট্রেনের সংঘর্ষ, একাধিক দুর্ঘটনা বারবার ঘটেছে সে দেশে। রেল পরিষেবার অব্যবস্থাপনা ও পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে পড়েছে মিশরের রেল ব্যবস্থা।
যদিও গত কয়েক বছরে রেল পরিকাঠামোর আধুনিকীকরণে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে সরকার। গত সেপ্টেম্বরেই আল-আয়াত এলাকায় দুটি মালগাড়ির সংঘর্ষে আহত হয়েছিলেন এক ট্রেনচালক ও তাঁর সহকারী।