Last Updated:
Agnimitra Paul: মহিলাদের স্বাধীনতা ও আত্মনির্ভরতা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অগ্নিমিত্রা পাল। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা স্পষ্ট জানিয়ে দিলেন, একজন মহিলা কোথায় যাবেন বা কী পরবেন, সেটা তাঁর নিজস্ব অধিকার। সেই বিষয়ে প্রশ্ন করার অধিকরা কারও নেই
কলকাতা: মহিলাদের স্বাধীনতা ও নিরাপত্তা প্রসঙ্গে বরাবরই স্পষ্ট পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা বরাবরই বলেছেন, মহিলারা যখন খুশি বাইরে বার হতে পারেন, যা খুশি পরতে পারেন এবং যেখানে খুশি যেতে পারেন। তাঁরা সম্পূর্ণ স্বাধীন। তাঁদের চলাফেরা নিয়ে কেউ কোনও প্রশ্ন তুলতে পারে না। শুক্রবার অগ্নিমিত্রার স্পষ্ট জবানি, ” রাজ্যের মহিলারা যেখানে খুশি, যখন খুশি যাবেন, তাদের নিরাপত্তা দেওয়া সরকারের কর্তব্য, দায়িত্ব। জিরো FIR হবে মহিলাদের জন্য।’ পাশাপাশি, তাঁর প্রতিশ্রুতি, ” প্রতিটা মহকুমায় একটা মহিলা থানা করব। আগামিকাল স্বচ্ছ অ্যাপ লঞ্চ করব যেখানে জিআই ট্যাগ থাকবে।”
উল্লেখ্য, আগামিকাল অর্থাৎ ৩০ মে থেকে চালু হচ্ছে রাজ্য সরকারের ‘স্বচ্ছ অ্যাপ’। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, প্রাথমিকভাবে রাজ্যের ১০ টি পুরসভায় এই অ্যাপের মাধ্যমে পরিষেবা চালু করা হবে। তাঁর ভাষায়, ” আগামী তিন মাস এই অ্যাপের মাধ্যমে পরিষেবা জানা বোঝার সুযোগ দেওয়া হবে। অগাস্ট মাস থেকে তিন মাস সচেতনতামূলক প্রচার চলবে রাজ্যজুড়ে। ১০০ মিটার দূরত্বে ডাস্টবিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, “স্বচ্ছ ও আধুনিক বাংলার পথে আরও নতুন পদক্ষেপ হিসেবে ‘স্বচ্ছ অ্যাপ’ চালু করবে সরকার। উন্নত বাংলা গড়ার কাজে এবার প্রযুক্তিই হবে সাধারণ মানুষের সবচেয়ে বড় সঙ্গী। রাস্তা, নিকাশি, আবর্জনা-সহ যে কোনও নাগরিক পরিষেবার সমস্যার সমাধান এবার হাতের মুঠোয়।”
রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথায়, ” বাংলার মানুষ নতুন স্বপ্ন দেখছেন। সবাই নিজের সন্তানের জন্য কাজ খুঁজছেন। বাংলা আর পিছিয়ে থাকতে চায় না। বাংলা তার দিশা হারিয়েছিল। কলকারখানা বন্ধ,পরিযায়ী শ্রমিক,সব মিলিয়ে বন্ধ্যা অবস্থা ছিল…” সেই ‘পরিস্থিতি’ থেকে উত্তরণে বদ্ধপরিকর রাজ্য সরকার। রাজ্যের পুর এলাকাগুলিকে পরিচ্ছন্ন করতে বড় উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে। শুক্রবার অগ্নিমিত্রা জানান, ‘ ১ জুন থেকে গোটা রাজ্য জুড়ে ১০০ থেকে ২০০ মিটার অন্তর-অন্তর জঞ্জাল ফেলার পাত্র বা বিন রাখা থাকবে। ১ সেপ্টেম্বর থেকে রাস্তার যত্রতত্র জঞ্জাল ফেললে বা থুতু ফেললে জরিমানা করা হবে। রাজ্যে চারটে নতুন স্মার্ট সিটি হবে। তমলুক, নবদ্বীপ,শিলিগুড়ি এবং আসানসোল। উত্তরবঙ্গে নতুন চারটে শহরের পরিকল্পনা রয়েছে।”
Kolkata,West Bengal
