Last Updated:
Murshidabad News: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উঠে আসছে একের পর এক জালিয়াতির অভিযোগ। এবার সরাসরি টাকা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে নেওয়ার অভিযোগ।
মুর্শিদাবাদ: বর্তমানে চলছে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ। কিন্তু এই মুর্শিদাবাদ জেলাতে লক্ষ্মীর ভাণ্ডার (যা বর্তমানে অন্নপূর্ণা যোজনা) তা প্রতারণা ঘটনা উঠে আসে বহরমপুর থেকেই। আর বহরমপুরের ধৃতকে তদন্তে জিজ্ঞাসাবাদ করেই একের পর এক নাম উঠে আসে।
পুরুষের অ্যাকাউন্টে ঢুকত প্রতিমাসে এই টাকা, যা ধরা পড়ে রঘুনাথগঞ্জ থেকে ডোমকল সর্বত্রই। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আত্মসাৎ ও ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে ডোমকল থানার পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আলি খুররম ওরফে নিউটন (মানিকনগর), সার্জেন শেখ (জোড়গাছা) এবং মিজানুর রহমান (লস্করপুর)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলাদের নামে অবৈধভাবে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা স্থানান্তরের অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। তদন্ত চলাকালীন ওই অ্যাকাউন্টগুলির সঙ্গে যুক্ত নামধারী মহিলাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। অভিযোগ, তাঁদের অজান্তেই অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং সেই অ্যাকাউন্টগুলির মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা লেনদেন করা হত।
তদন্তকারীদের দাবি, গ্রেফতার হওয়া তিন যুবক এই চক্রের সঙ্গে সরাসরি যুক্ত। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এর পিছনে আরও বড় একটি জালিয়াতি চক্র সক্রিয় রয়েছে। সেই চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি ও তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার জেলা আদালতে তোলা হয়।
তদন্তকারীদের মতে, জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে এবং এই জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম প্রকাশ্যে আসার সম্ভাবনা রয়েছে। এর আগে রঘুনাথগঞ্জ ও বহরমপুর থেকে একাধিকজনকে গ্রেফতার করা হয়েছে। পাঁচ বছরের শিশু থেকে পুরুষের অ্যাকাউন্টে ঢুকত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। আর সেই টাকা ই যা আত্মসাৎ করা হত বলেই অভিযোগ করেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে আরও তদন্ত করা হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Murshidabad,West Bengal
Jun 10, 2026 12:54 AM IST
