কলকাতা: সিনেমার শ্যুটিং করছিলেন, আর সেখান থেকেই ঘটে গেল দুর্ঘটনা! দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে (Prabash) ফৌজি (Fauji) ছবির শ্যুটিং করছিলেন অভিনেতা রাজেশ শর্মা (Rajesh Sharma)। বাংলায় এবং বলিউডে, ২ জায়গাতেই কাজ করেছেন রাজেশ, যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করেছেন। এদিন শ্যুটিং হচ্ছিল, রামোজি ফিল্ম সিটিতে। জানা যাচ্ছে, সেখানেই শ্যুটিং প্যাক আপ হওয়ার পরে, টেকনিশিয়ান্সদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন রাজেশ শর্মা। সেই সময়েই তাঁর পায়ে কিছু কামড়ে দেয়। তবে সেই সময়ে অভিনেতা বিষয়টিকে ততটা গুরুত্ব দেননি। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর শরীরে ক্রমাগত সমস্যা তৈরি হতে থাকে। অবস্থা গুরুতর বুঝে, তড়িঘড়ি ফ্লাইট বুক করে কলকাতায় ফিরে আসেন অভিনেতা। ভর্তি হন, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। এখন কেমন রয়েছেন তিনি?
এখন কেমন রয়েছেন রাজেশ শর্মা?
হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, এখনও অবজারভেশনে রাখা হয়েছে অভিনেতাকে। প্রথমে তাঁর পায়ের পাতায় ওই বিষাক্ত পোকা কামড়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে, সেই বিষ ছড়িয়ে পড়েছে রাজেশের শরীরে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, অভিনেতার হাঁটু পর্যন্ত বিষ ছড়িয়ে পড়েছে। পাশাপাশি শরীরে একাধিক সমস্যা রয়েছে। অভিনেতার সুগার লেভেল বেশ বেশি রয়েছে, সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যাও রয়েছে। একদিকে যেমন চিকিৎসা চলছে রাজেশ শর্মার, তেমনই চিকিৎসকেরা খেয়াল রাখছেন যে, বিষ যেন শরীরের অন্য কোথাও না ছড়িয়ে পড়ে। যদি শরীরের কোথাও রক্ত জমাট বেঁধে গিয়ে থাকে, তাহলে সমস্যা বাড়তে বাড়ে। নতুন করে শারীরিক অবস্থা খারাপ হয়নি অভিনেতার, এটুকুই যা আশার কথা। তবে অভিনেতা যে বিপদমুক্ত, সেটা এখনও বলা যাচ্ছে না। চিকিৎসকেরা তাঁকে কড়া নজরে রেখেছেন। মনে করা হচ্ছে, শরীরে বিষক্রিয়ার কারণেই জ্বর এসেছে অভিনেতার। ইনফেকশন কমে গেলে, জ্বর ও অন্যান্য সমস্যাও কমে যাবে বলে মনে করছেন চিকিৎসকেরা।
কীভাবে রাজেশ শর্মার সঙ্গে এই দুর্ঘটনা ঘটল?
গতকাল বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, প্রভাসের সঙ্গে শ্যুটিং-এর শেষে কোনও বিষাক্ত পোকামাকড়, সম্ভবত কোনও বিষাক্ত মাকড়সা কামড়ে দেয় রাজেশ শর্মাকে। শ্যুটিংয়ে শেষে বেশ কিছু টেকনিশিয়ান্সদের সঙ্গে কথা বলছিলেন রাজেশ। সেই সময়েই অভিনেতা মনে হয়, তাঁকে কোনও একটা পোকামাকড় বা কিছু একটা কামড়ে দিয়েছে। তবে বিষয়টা যে গুরুতর, সেই সময়ে তা বুঝতে পারেননি রাজেশ। তাই গোটা বিষয়টাতে আমল না দিয়ে, চিকিৎসকের সঙ্গে কোনোরকম পরামর্শ না করেই তিনি ফিরে আসেন। ঘটনার প্রায় ৬ ঘণ্টা পরে, রাজেশের ডান পায়ে অসম্ভব ব্যথা শুরু হয়। পরিস্থিতি গুরুতর বুঝে, সঙ্গে সঙ্গে বিমান ধরে কলকাতায় ফিরে আসেন রাজেশ। তবে যাত্রা করার সময়েই তাঁর জ্বর আসে, পাশাপাশি শরীরে একাধিক সমস্যা তৈরি হয়। শরীর আরও বেশি খারাপ হয়ে যায় তাঁর। কলকাতায় এসে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।