সিকিমের নামচি জেলার সামারডুং এলাকায় এনএইচপিসি-র (NHPC) তিস্তা স্টেজ-VI জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ভয়াবহ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে ফোনে কথা বলে উদ্ধারকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি৷ সোমবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পরও সুড়ঙ্গের ভিতরে এখনও পাঁচজন শ্রমিক আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় অভিযান চালাচ্ছে একাধিক উদ্ধারকারী দল। নামচির পুলিশ সুপার সোনম ডি ভুটিয়া জানিয়েছেন, দুর্ঘটনার সময় মোট ২৫ জন শ্রমিক ও প্রকল্প-সংশ্লিষ্ট কর্মী সুড়ঙ্গের ভিতরে ছিলেন। তাঁদের মধ্যে ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। এখনও পর্যন্ত ১২টি দেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি মৃতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।