Last Updated:
হাইকোর্টের নির্দেশের পর মেদান্তা হাসপাতালের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
নয়াদিল্লি: নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে দিল্লির সফদরজং হাসপাতাল থেকে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার রাতে সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। সরকারি সূত্রে এই তথ্য জানা গিয়েছে। দিল্লি হাইকোর্টের নির্দেশের পর মঙ্গলবার সন্ধ্যায় সোনম ওয়াংচুককে কড়া নিরাপত্তার মধ্যে অ্যাম্বুল্যান্সে করে মেদান্তা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা প্রায় ৭টা ৩০ মিনিটে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউ-৮-এ রাখা হয়েছে। প্রায় ১০ মিনিটের এই বৈঠকে কী আলোচনা হয়েছে, তা এখনও প্রকাশ করা হয়নি। বৈঠকের সময় চিকিৎসকদেরও বাইরে যেতে বলা হয়েছিল।
মেদান্তা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুশীলা কাটারিয়ার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছে। এর আগে সফদরজং হাসপাতাল জানায়, আদালতের নির্দেশ মেনে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সোনম ওয়াংচুককে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালের দাবি, ছাড়পত্রের সময় তাঁর গুরুত্বপূর্ণ শারীরিক সূচক (Vital Parameters) স্থিতিশীল ছিল। তবে প্যানসাইটোপেনিয়া-র সমস্যা রয়ে গেছে এবং তাঁর সিরাম পটাশিয়ামের মাত্রা ছিল ৩.৪ mEq/L। চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথি ও পরীক্ষার রিপোর্ট মেদান্তার চিকিৎসক দলের হাতে তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২৮ জুন থেকে NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে অনির্দিষ্টকালের অনশন করছেন সোনম ওয়াংচুক। তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো দিল্লি হাইকোর্টে আবেদন করে তাঁকে মেদান্তা হাসপাতালে স্থানান্তরের আর্জি জানান। সেই আবেদন মঞ্জুর করে আদালত জানায়, পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ পাওয়া সংবিধানের অনুচ্ছেদ ১৯ ও ২১ অনুযায়ী তাঁর মৌলিক অধিকারের অংশ।
অনশনরত পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতাল থেকে তাঁর পছন্দের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের প্রস্তাব দিল দিল্লি হাই কোর্ট। মঙ্গলবার ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর দায়ের করা আবেদনের শুনানিতে এই পর্যবেক্ষণ করে ডিভিশন বেঞ্চ জানায়, পোস্ট-লাঞ্চ এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হবে। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ এআইআইএমএস, সফদরজং হাসপাতাল এবং ওয়াংচুকের চিকিৎসকদের মতামত শোনে। আদালত জানায়, চিকিৎসকদের মধ্যে এ বিষয়ে ঐকমত্য রয়েছে যে ওয়াংচুকের হাসপাতালে থেকে নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণ প্রয়োজন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
