কলকাতা: জিৎ-এর (Jeet) সিনেমা মুক্তির জের? হঠাৎ পিছিয়ে যাচ্ছে, দেব (Dev) অভিনীত, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ (Bike Ambulance Dada) সিনেমার মুক্তি। এই সিনেমা ঘোষণার পরেই জানানো হয়েছিল ১৪ অগাস্ট মুক্তি পাবে এই সিনেমা। প্রকাশ্যে এসেছিল ছবির পোস্টার। পদ্মশ্রী করিমুল হকের জীবন নিয়েই তৈরি হয়েছে এই, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ । ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সিনেমার শ্যুটিং, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে, রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-কে। তবে এবার স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে না, দেবের নতুন সিনেমা। দেব এবং জিতের দুটি সিনেমারই সহ প্রযোজক , নন্দী মুভিজ। একই প্রযোজনা সংস্থার ২টি ছবি, একসঙ্গে মুক্তি সাধারণত পায় না। সম্ভবত সেই কারণেই দেবের ছবি মুক্তির দিন পিছিয়ে যাচ্ছে।
নতুন ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়ার ঘোষণা দেবের
দেবের ইনস্টাগ্রাম পেজে এখনও জ্বলজ্বল করছে, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’-র পোস্টার। সেখানে এখনও দেখা যাচ্ছে, মুক্তির দিন ঘোষণা করা হয়েছিল ১৪ অগাস্ট। তবে আজ ঘোষণা করা হয়েছে, ওই একই দিনে মুক্তি পাচ্ছে জিতের (Jeet) নতুন সিনেমা, ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ (Keu Bole Biplobi Keu Bole Dakat)। আর এই ঘোষণার পরেই, ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন দেব। তিনি লেখেন, ‘প্রত্যেকটা সফরেরই একটা সঠিক সময় রয়েছে। যাতে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’-র মতো একটা সিনেমা আপনাদের কাছে সবচেয়ে সেরাভাবে পৌঁছয়, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এই ছবিটির মুক্তির দিন আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে। আমি জানি, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই সিনেমাটির জন্য। আপনাদের ভালবাসা এবং আশীর্বাদের জন্য আমরা ধন্য, আপ্লুত। আপনারা যে কতটা ভালবাসা দিয়ে এই ছবিটির জন্য অপেক্ষা করছেন, আমরা তা জানি। আমরা ধন্য। সেই কারণেই আমাদের ওপর একটু আস্থা রাখুন। এই দীর্ঘায়িত অপেক্ষা করে হতাশ হবেন না। তার আগে পর্যন্ত, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবিটিকে আপনাদের হৃদয়ে জায়গা দিন, রেখে দিন।’
স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
অন্যদিকে আজ ঘোষণা করা হয়েছে, ১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে, জিতের নতুন সিনেমা। সিনেমা মুক্তি নিয়ে জট তৈরি হওয়ার কারণে প্রকাশ্যে আসেনি ছবি মুক্তির দিন ও! পরিচালক পথিকৃৎ বসু (Pathikrrit Basu)-র তৈরি এই সিনেমায় তুলে ধরা হয়েছে, বিপ্লবী অনন্ত সিংহের (Ananta Singh) জীবনকে। আপাতভাবে ভুলে যাওয়া এই মানুষটি যে ভারতীয় স্বাধীনতার ইতিহাসে ছিল একটা জ্বলন্ত অধ্যায়, সেই কথাই যেন ফের একবার মনে করিয়ে দেবে এই সিনেমা। জিৎস ফিল্মওয়ার্স এবং নন্দী মুভিজ যুগ্মভাবে প্রযোজনা সংস্থার দায়িত্ব পালন করছে এই সিনেমার।
আরও পড়ুন: Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা