Last Updated:
Narendra Modi: জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে বলেও তাঁর বার্তায় লেখেন মোদি। এই পোস্টে পশ্চিমবঙ্গের অগ্রগতি এবং পশ্চিমবঙ্গবাসীর সমৃদ্ধির জন্য সার্বিকভাবে প্রার্থনা জানান প্রধানমন্ত্রী।
কলকাতা: পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মানুষকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে বাংলায় লেখা একটি পোস্টে মোদি ব্যাখ্যা করেন পশ্চিমবঙ্গ দিবসের প্রেক্ষাপট। কেন ২০ জুন বিশেষ দিন? তাও উল্লেখ করে স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর অবদানকে স্মরণ করেন মোদি।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় লেখেন, “এই দিনটি এমন এক রাজ্যকে উদযাপন করে যা সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা, সমাজ সংস্কার এবং আরও অনেক বৈচিত্র্যময় ক্ষেত্রে অবদানের মাধ্যমে ভারতের ইতিহাসকে রূপদান করেছে। বারবার, অগণিত ভাবে পশ্চিমবঙ্গ ভারতের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে।”
মোদির বার্তা, “পশ্চিমবঙ্গের ইতিহাসে ২০ জুন দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনেই নিশ্চিত করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ হিসেবেই থাকবে। এর পিছনে ছিল ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অমূল্য অবদান। এই বছর, ২০২৬ সালে, আমরা ড. মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীও পালন করছি।”
প্রসঙ্গত, শুক্রবার রাতে প্রধানমন্ত্রী নিজের X পোস্টে তাঁর দু দিনের বঙ্গ সফর সম্পর্কে বিস্তারিত কর্মসূচি উল্লেখ করে লেখেন, “আমি আগামী দু দিন, ২০ ও ২১ তারিখে পশ্চিমবঙ্গে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকব। ২০ জুন তারিখটি আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালনের কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই অনুষ্ঠানটি হবে হুগলি জেলার তারকেশ্বরে। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগ এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি রক্ষায় তাঁর প্রচেষ্টার কারণে এই স্থানটি বিশেষ ঐতিহ্যমণ্ডিত। তারকেশ্বরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা করা হবে। তারকেশ্বর থেকে, পিএম-কিসান (PM-KISAN)-এর ২৩তম কিস্তি প্রদান করা হবে, যার ফলে সমগ্র ভারতের অগণিত পরিশ্রমী কৃষকরা উপকৃত হবেন।”
মোদি লেখেন, “এটা অত্যন্ত আনন্দের যে, আগামিকাল কৃষি সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের প্রধান প্রকল্পগুলিরও সূচনা করা হবে। প্রধান মন্ত্রী ফসল বিমা যোজনা, ডিজিটাল কৃষি মিশনের অংশ হিসেবে এগ্রি স্ট্যাক, ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং এবং প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম। এগুলি পশ্চিমবঙ্গের পরিশ্রমী কৃষকদের জন্য প্রভূত কার্যকরী হবে। পাশাপাশি ২১ তারিখে, কলকাতায় যোগ দিবস কর্মসূচির আয়োজন করা হবে। কলকাতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। যোগ দিবসের কর্মসূচির পর আমি আরেকটি কর্মসূচিতে যোগ দেব যেখানে দেশীয় নকশায় নির্মিত তিনটি যুদ্ধজাহাজকে জলে ভাসানো হবে। এগুলি হল আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়। এগুলি আমাদের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে।”
Kolkata,West Bengal
Jun 20, 2026 11:22 AM IST
