Last Updated:
প্রধানমন্ত্রী ছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য ও কেন্দ্রের একাধিক মন্ত্রী আমলারা আগামিকাল তারকেশ্বরের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কৃষকদের কিস্তির টাকা প্রদান ছাড়াও প্রধানমন্ত্রীর হাত ধরে আরও একাধিক প্রকল্পের ঘোষণা হতে পারে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: প্রধানমন্ত্রীর এক ক্লিকেই কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি পার। আগামীকাল বাংলা থেকে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা’র গোটা দেশের ২৩ তম কিস্তির টাকা দেওয়ার সূচনা করবেন প্রধানমন্ত্রী। এক ক্লিকেই তারকেশ্বরের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে মোট ১৮,৮৮০ কোটি টাকারও বেশি অর্থ পাঠাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলা সহ গোটা দেশের প্রায় ৯. ৪৪ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে কালই ট্রান্সফার হবে কিস্তির ২০০০ টাকা। পশ্চিমবঙ্গের ৪৫.৩৫ লক্ষেরও বেশি কৃষক মোট প্রায় ৯০৭ কোটি কিস্তির টাকা পাবেন। এখন অবধি এই যোজনাতে চার লক্ষ আঠাস হাজার কোটি টাকা ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে কিস্তির টাকা দেওয়া হযেছে।
স্বাধীনতার ৭৯ বছর পর বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আর সেই বাংলা থেকে পিএম কিষাণ যোজনার ২৩ তম কিস্তির সূচনা করবেন প্রধানমন্ত্রী। হুগলি জেলার তারকেশ্বরে এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বলাবাহুল্য, ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হতেই একের পর এক প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছেন পশ্চিমবঙ্গবাসী।
কেন্দ্র সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হচ্ছে পিএম কিষান সম্মান নিধি যোজনা ৷ এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের বছরে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা ২,০০০ টাকা করে তিনটি সমান কিস্তিতে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। বর্তমানে দেশের কোটি কোটি কৃষকরা ২৩তম কিস্তির টাকা কবে অ্যাকাউন্টে জমা হবে, তার অপেক্ষায় রয়েছেন । কারা পাবেন ২৩তম কিস্তির টাকা? পিএম কিষান প্রকল্পের কিস্তির সুবিধা শুধুমাত্র যোগ্য কৃষকদের দেওয়া হয়। আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য হন এবং আবেদন করে থাকেন, তাহলে কিস্তির টাকা পাওয়ার অধিকারী। তবে কিস্তির সুবিধা পেতে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করা বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে ই-কেওয়াইসি (e-KYC), ভূমি যাচাইকরণ (Land Verification) এবং আধার লিঙ্কিং (Aadhaar Linking)। যেসব কৃষক নির্ধারিত সময়ের মধ্যে এই কাজগুলি সম্পূর্ণ করবেন, তারাই কিস্তির টাকা পাবেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
