নয়াদিল্লি: বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরের বৈঠকেও উঠল ‘ককরোচ জনতা পার্টি’র প্রসঙ্গ। ডিজিটাল মাধ্যমে যেভাবে সাড়া ফেলে দিয়েছে CJP, যন্তরমন্তরেও যেভাবে তাদের ডাকে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। প্রশ্ন ওঠে, CJP-র পক্ষে এই যে বিপুল জনসমর্থন, তা কি বিরোধীদের জন্য ইঙ্গিতপূর্ণ? বিরোধীদের উপর আর কি ভরসা করতে পারছেন না সাধারণ মানুষ? CJP কি বিরোধীদের বিকল্প হয়ে উঠছে? CJP-র সঙ্গে হাত মেলানোর কথাও ওঠে বৈঠকে। (Cockroach Janta Party)
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শিবসেনা (UBT) প্রধান উদ্ধব ঠাকরেই CJP-র প্রসঙ্গ তোলেন। তিনি জানান, শুধুমাত্র নির্বাচনের সময় পথে নামলে হবে না। বছর ভর রাস্তায় থাকতে হবে বিরোধীদের। ভার্চুয়ালি I.N.D.I.A শিবিরের বৈঠকে যোগ দেন উদ্ধব। অনলাইন যে বিপুল সংখ্যক মানুষের সাড়া পেয়েছে CJP, সেদিকে নির্দেশ করে শরিকদের আত্মসমীক্ষার পরামর্শ দেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, “মানুষ কি আমাদের উপর আস্থা হারিয়েছেন?” (I.N.D.I.A Bloc Meeting)
আরও পড়ুন: ফের ভূমিকম্প পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, কাঁপল কলকাতাও, দুলে উঠল মাটি
বছরভর রাস্তায় থাকার পাশাপাশি, I.N.D.I.A শিবিরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন উদ্ধব। জানান, সময় এসেছে বিরোধী শিবিরের মুখ কে, হবেন তা ঠিক করে ফেলা। মানুষের কাছে পৌঁছতে হলে মুখ অত্যন্ত প্রয়োজন।
তবে শুধু উদ্ধব নন, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাও CJP-র কথা পাড়েন বৈঠকে। তাঁর মতে, যেভাবে মানুষ সাড়া দিয়েছেন, তাতে বোঝা যায়, CJP সঠিক রাস্তায় রয়েছে। বিরোধীদের উচিত তাদের সঙ্গে হাত মেলানো। CPI-ML (Liberation)-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য সরাসরি CJP-র মতো গণ আন্দোলনের পাশে দাঁড়ানোর কথা বলেছেন।
আরও পড়ুন: মোজতবা খামেনেইয়ের প্রশংসা, দেখা করতে চান ডোনাল্ড ট্রাম্প, ইরান বলল…
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের ‘ককরোচ’ মন্তব্যের পর ব্যঙ্গধর্মী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে CJP. NEET প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রথম সরব হয় তারা। গত শনিবার সরাসরি রাস্তায় নেমে আসে। আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরে আসেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে। আন্দোলনে যোগ দেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুকও। একযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন সকলে।
সেই CJP-কে নিয়ে এবার আলচনা শোনা গেল I.N.D.I.A শিবিরে। এর আগে কংগ্রেস সাংসদ শশী তারুরও CJP-কে নিয়ে মুখ খোলেন। দেশের যুবসমাজের ভাবনার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। CJP-কে সক্রিয় রাজনীতিতে যোগ দিতেও আহ্বান জানান তিনি।