Last Updated:
Abhishek Banerjee: বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাল সই কাণ্ড-সহ একাধিক মামলায় ইডি-সিবিআইয়ের নজরে তিনি। কী হবে এবার?
নয়াদিল্লি: তিন দিনের দিল্লি সফর সেরে বুধবারই কলকাতায় ফিরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। কিন্তু দেখা গেল না অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। শোনা যাচ্ছে, কলকাতা ফেরার জন্য দিল্লি বিমানবন্দরে গিয়েও ফিরে গিয়েছেন তিনি। তৃণমূল সূত্রে খবর, যে কোনও ‘পরিস্থিতি’র মুখোমুখি হতে প্রস্তুত অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদে সহযোগিতা করতেও প্রস্তুত তিনি। তৃণমূল সূত্রে খবর, আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন তিনি। বুধবার রাহুল গান্ধির সঙ্গে বৈঠক থাকার কারণে অভিষেক যে ফিরবেন না, তা আগে থেকেই ঠিক ছিল।
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি। ফলে দীর্ঘদিন ইডি-সিবিআইয়ের স্ক্যানারে তিনি। তবে তৃণমূলের এই ভাঙনের মরশুমে তাঁর অস্বস্তি বাড়িয়েছে সই জাল কাণ্ড। পরপর তিনবার সিআইডি হাজিরা এড়িয়েছেন তিনি। মঙ্গলবার বিকেল ৫ টায় তৃতীয় সমনের ডেডলাইন ছিল। তা সত্ত্বেও গত শনিবার দিল্লিতে উড়ে যান অভিষেক। কারণ, ইন্ডিয়া জোটের বৈঠক। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। দিল্লিতে তৃণমূল এবং কংগ্রেসের সংযুক্তিকরণ নিয়েও দুই দলের শীর্ষস্তরে আলোচনাও হয় বলেই খবর।
তৃণমূলে ভাঙন যত বাড়ছে ততই যেন কংগ্রেসের সঙ্গে নৈকট্য বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একদিন আগে ১০ জনপথে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন সনিয়া গান্ধি এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুই দলের দুই শীর্ষ নেতার মধ্যে প্রায় ঘণ্টা দেড়েকের বৈঠক হয়। পরপর দু’দিন দুই দলের সর্বোচ্চ স্তরের নেতাদের বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা ছড়াচ্ছে রাজনৈতিক মহলে।
তবে কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়া নয়, রাজনৈতিক ভাবে সমঝোতার সঙ্গে চলবে তৃণমূল, দাবি তৃণমূল সূত্রে। কংগ্রেসে যুক্ত হয়ে যাওয়ার বিষয়কে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ শীর্ষ তৃণমূল নেতার। ইন্ডিয়া জোটের বৈঠকের পরদিনই সনিয়া গান্ধির সঙ্গে প্রায় ৫০ মিনিট বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঘণ্টা দেড়েক বৈঠক হয় রাহুল গান্ধি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। তৃণমূল সূত্রে দাবি, জোড়া এই বৈঠকেরই ফলাফল ‘মার্জার’ নয়, পোক্ত ‘অ্যালায়েন্স’। আগামী দিনে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে, বিজেপি বিরোধী আন্দোলনকে প্রাণ দিতেই হাতে হাত রেখে কাজ করবে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস।
মৈত্রেয়ী ভট্টাচার্য
Kolkata,West Bengal
