Last Updated:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ১২ বছরের বেশি সময়কালের বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজ নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।
কলকাতা: নরেন্দ্র মোদি সরকারের এক যুগ। কেন্দ্রে ভরসার ১২ বছর। রাজ্যে ভরসার ১ মাস। আজ কলকাতার নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বারো বছরের সময়কাল উপলক্ষে রাজ্য বিজেপি আয়োজিত বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর প্রদর্শনী ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিউটাউন কনভেনশন সেন্টারে মুখ্যমন্ত্রীর মুখে শিল্প, উন্নয়নের প্রতিশ্রুতি। শুভেন্দু অধিকারী বলেন, ‘টাটাকে আনব আমরা। সিঙ্গুরের সেই জমি সরকারের হাতে নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে। যাঁরা ওই জমিতে সরষের চাষ ও করতে পারছেন না, আলু ফলাতে পারছেন না, ধান চাষ করতে পারছেন না। ওই মাটির সঙ্গে টাটার রড সিমেন্ট সবকিছু মিশে রয়েছে।’

তাঁর কথায়, ‘শিল্প দফতরের দায়িত্ব পেয়েছেন পাঁচবারের বিধায়ক। রাজ্য অর্থনৈতিকভাবে এগিয়ে গিয়েছে। শিল্প বিনিয়োগের ভিত্তিতে এগিয়েছে। আগামী দিনে বেকার সমস্যার সমাধান হবে। বাইরে চলে যাওয়া পরিচায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসবেন। বিগত দিনে ব্যবসায়ীরা ব্যাংক ফ্রড করেছেন কিনা, ল্যান্ড ফ্রড করেছেন কিনা এবং তাদের বিরুদ্ধে কোনও ধরনের তদন্ত চলছে কিনা এগুলো দেখা প্রাথমিক কাজ। দ্বিতীয়ত দেখতে হবে তিনি পশ্চিমবঙ্গের জমি নিয়ে রেখে নিজে কোনও ইউনিট তৈরি করেছেন কিনা। তৃতীয়ত, ছবি তোলার জন্য শুধুমাত্র আসছেন, না অন্য কোনও পরিকল্পনা নিয়ে আসছেন সেটা খতিয়ে দেখা হবে।’
প্রসঙ্গত, রাজ্য মন্ত্রিসভায় দফতর বণ্টন চূড়ান্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাতে রাখলেন স্বরাষ্ট্র, ভূমি এবং ভূমি সংস্কার, বিদ্যুৎ, আইন, তথ্য এবং সংস্কৃতি দফতর ছাড়াও আরও কয়েকটি দফতর। এর আগে ৯ মে ৬ জন শপথ নেন মন্ত্রিসভায়, সেই সময় মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ নেন। তার পরের দফায় ৩৫ জন জন বিধায়ক ফের মন্ত্রিসভায় শপথ নেন। তাই মন্ত্রিসভার চূড়ান্ত দফতর বণ্টন নিয়ে অনেক জল্পনা ছিল। অবশেষে সব জল্পনার অবসান হল, দফতর বণ্টন চূড়ান্ত হল।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
