Last Updated:
Suvendu Adhikari: বিজেপির মন্ত্রীদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রীদের নির্দেশ দিলেন, ‘ফাইল পড়ুন , বুঝুন , প্রয়োজনে সচিবদের সঙ্গে আলোচনা করুন কিন্তু কাজ ফেলে রাখা যাবে না’। অনেক মন্ত্রীই নতুন, সেই মন্ত্রীদের রীতিমতো ক্লাস নেওয়া হয়।
কলকাতা: মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, ডু ইট নাও। ১৫ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের স্লোগান ছিল, সময়মতো কাজ শেষ করুন । এক মাসের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রীদের নির্দেশ দিলেন, ‘ফাইল পড়ুন , বুঝুন , প্রয়োজনে সচিবদের সঙ্গে আলোচনা করুন কিন্তু কাজ ফেলে রাখা যাবে না’। এবারের মন্ত্রীসভায় নতুন মুখ অনেকেই।
মুখ্যমন্ত্রী এবং তাপস রায় ছাড়া সেই অর্থে মন্ত্রিত্ব সামলানোর অভিজ্ঞতা কারও নেই। প্রশাসনিক কাজের নির্দিষ্ট প্রোটোকল হাতে কলমে শেখার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ATI বিল্ডিংয়ে দফায় দফায় চলে মন্ত্রীদের ক্লাস। ফাইলের নোট দেওয়া থেকে শুরু করে কী ভাবে ফাইল ক্যারি ফরোয়ার্ড করতে হয় সেটা নিয়ে মন্ত্রীদের শিখিয়ে দেন মুখ্যসচিব স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে অভিজ্ঞ আধিকারিকরা। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবির চলে প্রায় তিনটে পর্যন্ত। আধিকারিক শিক্ষকরা ক্লাস নেওয়ার পর হেড মাস্টার মুখ্যমন্ত্রী আসেন সকলের শেষে। সরকার কী ভাবে কাজ করতে চায় সেই আইডিয়া তুলে ধরেন তিনি। সূত্রের খবর তিনি মন্ত্রীদের বলেছেন টেবিলে ফাইল ফেলে রাখা যাবে না। কাজ আসার সঙ্গে সঙ্গে সেটা করতে হবে ।
এক গুচ্ছ নতুন মন্ত্রীদের নিয়ে কী ভাবে সরকারি কাজ সামলাতে হয়, কী ভাবে ফাইল ছাড়তে হয়- প্রশাসনিক কাজকর্ম সামলানোর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সল্টলেকের এডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল থেকে আরম্ভ করে ডিজি সিদ্ধি নাথ গুপ্তা-সহ বিভিন্ন দফতরের সচিবরা উপস্থিত থেকে কার্যত ক্লাস নিলেন মন্ত্রীদের।
একেবারে শেষ পর্যায়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনিও সরকারের দৃষ্টি ভঙ্গি মন্ত্রীদের সামনে তুলে ধরেন। তার বক্তব্য ফাইল ফেলে রাখা যাবে না। দ্রুততার সঙ্গে মন্ত্রীদের কাছে আসা ফাইলের কাজ শেষ করতে হবে। কোথায় কোন সমস্যা হলে সচিবদের সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়ে সমাধান করতে হবে। তারপরেও কোনো সমস্যা বা জিজ্ঞাসা থাকলে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দফতরে যোগাযোগের সুযোগ থাকছে। কিন্তু ফাইল ফেলে রাখা চলবে না।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
