Last Updated:
Abhishek Banerjee Letter To Speaker: তৃণমূল বিক্ষুব্ধ গোষ্ঠীর সাংসদরা নিজেদের পৃথক গোষ্ঠী হিসেবে আবেদন করতেই আবেদন যেন গ্রহণ না করা হয় সেই দাবি জানিয়ে চিঠি দেন অভিষেক। উত্তরে ই-মেইলে কী জানালেন লোকসভার স্পিকার?
নয়াদিল্লি: দিল্লিতে ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে দফায় দফায় বৈঠক, লোকসভার স্পিকার ওম বিড়লার বাড়িতে গিয়ে সই করা চিঠি দেওয়ার মাঝেই তৃণমূলের বিক্ষুব্ধ ব্লকের বিরোধিতা করে অধ্যক্ষকে চিঠি পাঠান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চিঠিতে উল্লেখ করে হয় তৃণমূলের কোনও বিচ্ছিন্ন গোষ্ঠীকে যেন স্বীকৃতি দেওয়া না হয়! এবার সেই চিঠির প্রত্যুত্তরে স্পিকারের তরফ থেকে ইমেইল পৌঁছল অভিষেকের কাছে।
ভূপেন্দ্র বাড়িতে বিদ্রোহীদের বৈঠক:
প্রসঙ্গত, গত ১৪ জুন রবিবার ভূপেন্দ্র বাড়িতে বিদ্রোহীদের বৈঠকের মাঝে লোকসভার স্পিকার ওম বিড়লার বাড়িতে অভিষেকের চিঠি নিয়ে হাজির হন সাংসদ কীর্তি আজাদ এবং রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। চিঠি দিয়ে বেরিয়ে কীর্তি-সাগরিকা জানান, আলাদাভাবে গোষ্ঠী তৈরি হবে তা অসাংবিধানিক ও বেআইনি হবে। তবে স্পিকার তাতে মান্যতা দিলে আইনি লড়াইয়ের পথে যাওয়ার কথাও জানান তাঁরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে যে চিঠি:
এবার তারই উত্তর এল অভিষেকের কাছে। ইমেইল করে জানানো হল বিষয়টি বিশদে জানাতে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে যে চিঠি লিখেছিলেন তৃণমূলের নতুন ফ্র্যাকশনের বিরোধিতা করে, সেই চিঠির পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জানতে চেয়ে অভিষেককে ইমেইল করেন স্পিকার। জানা গিয়েছে এই মর্মে গতকাল, সোমবার, দুপুর দু’টোয় আসে স্পিকার অফিস থেকে সেই ইমেইল।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা করতে বলা হয়:
সূত্রের খবর, এই বিশদে বিস্তারিত জানাতে গতকাল, অর্থাৎ সোমবারই বিকেল চারটেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা করতে বলা হয় সেই ইমেইলে। ঘটনাচক্রে তখন ইডি অফিসে জিজ্ঞাসাবাদ চলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই জিজ্ঞাসাবাদ শেষে ইডি দফতর থেকে অভিষেকের বের হতে হতেই রাত হয় যায়। এরপর আজ, মঙ্গলবারও ডিজে মন্তব্যের প্রেক্ষিতে ভবানীভবনে যেতে হয়েছে অভিষেককে। তাই লোকসভার অধ্যক্ষের ইমেইল এর জবাবে কী করেন অভিষেক সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
সূত্রের খবর, অভিষেক লোকসভার স্পিকারকে লেখা চিঠিতে উল্লেখ করেন, তৃণমূলের বেশ কিছু সাংসদ নিজেদেরকে পৃথক গোষ্ঠী হিসেবে আবেদন করতে চলেছেন। সেই আবেদন যেন গ্রহণ না করা হয়। সাংসদরা অন্য গোষ্ঠী বানিয়ে পৃথক দলের দাবি জানাতে পারেন না। সূত্রের খবর, চিঠিতে অভিষেক ২০২৩ সালের সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সুভাষ দেশাই বনাম মহারাষ্ট্রের রাজ্যপাল মামলায় শীর্ষ আদালতের রায় তুলে ধরেন। তাঁর দাবি ছিল, দলত্যাগ-বিরোধী আইনের লঙ্ঘন ঘটলে দল পদক্ষেপ করতে পারবে।
Kolkata,West Bengal
