Last Updated:
খড়্গপুরে চা-চক্রে তৃণমূলের অন্দরের পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, ‘কালীঘাট আগেই ফাঁকা হয়ে গিয়েছে’ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতাশ হয়ে পড়েছেন।
খড়্গপুর: খড়্গপুরে রবিবার সকালে চা-চক্রে যোগ দিয়ে একাধিক সমসাময়িক ও রাজনৈতিক ইস্যুতে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজ্যের আইন-শৃঙ্খলা, তৃণমূল কংগ্রেসের অন্দরের পরিস্থিতি, বাংলাদেশ, কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণ, বিজেপিতে যোগদান এবং রাজনৈতিক হিংসা-সহ বিভিন্ন বিষয়ে নিজের মত প্রকাশ করেন তিনি।
রাজ্যের নিরাপত্তা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, একজন মুখ্যমন্ত্রীকে খোঁজখবর নিয়ে কথা বলা উচিত। তাঁর মতে, পশ্চিমবঙ্গে উগ্রপন্থা ও সন্ত্রাসবাদ বন্ধ হওয়া প্রয়োজন এবং এ বিষয়ে কেন্দ্রের সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে।
তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কে কার সঙ্গে যাচ্ছে বা দলে কী হচ্ছে, তা বিজেপির চিন্তার বিষয় নয়। বিধানসভায় স্পিকার বিষয়টি দেখছেন। কালীঘাট প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হতাশ হয়ে পড়েছেন। বারুইপুরে নিজের দলের কর্মীকে চড় মারার ঘটনাকে তিনি সেই হতাশারই বহিঃপ্রকাশ বলে দাবি করেন।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন, তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এবং তাঁর দেশে ফেরার অধিকার রয়েছে। তবে বাংলাদেশের পরিস্থিতিকে সে দেশের অভ্যন্তরীণ বিষয় বলেই উল্লেখ করেন।
সোনারপুরে বিজেপি করার অভিযোগে এক মহিলাকে মারধরের ঘটনায় তিনি বলেন, সমাজবিরোধীদের বিরুদ্ধে পুলিশের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। একইসঙ্গে বিজেপির কয়েকজন কর্মীকে ভোট-পরবর্তী সময়ে গণপিটুনিতে হত্যার অভিযোগ তুলে এর শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারিও দেন।
এছাড়া বিজেপিতে নতুন সাংসদদের যোগদান, নির্মল ঘোষ, প্রদীপ সরকার এবং বিভিন্ন এলাকায় ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের কাজ না হওয়া নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, যেখানে কাজ হয়নি, সেখানে কীভাবে কাজ সম্পূর্ণ হয় তা দেখা হবে এবং দুর্নীতির হিসাব দিতে হবে।
Kolkata,West Bengal
Jul 12, 2026 10:09 AM IST
