Last Updated:
Baruipur Case Update: বারুইপুরে নাবালিকা নির্যাতন কাণ্ডে তদন্তকারী অফিসারকে বদল করা হল৷ তদন্তের অন্যদিক খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেওয়া হল ডিএসপি পদমর্যাদার অফিসার শান্তনু মুখোপাধ্যায়ের হাতে৷
বারুইপুর, অর্পণ মণ্ডল: গত শনিবারই বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবার, গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ আশ্বাস দিয়েছেন, দ্রুতগতিতে তদন্ত এগোবে৷ কড়া অবস্থান নেবে তাঁর সরকার৷ রবিবার জানা গিয়েছে, নাবালিকা ধর্ষণ-খুন মামলায় তদন্তকারী অফিসার বদল করা হয়েছে, এবার তদন্তভার দেওয়া হয়েছে ডিএসপি পদমর্যাদার এক অফিসারের হাতে৷
বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের বহুচর্চিত মামলায় তদন্তকারী অফিসার (IO) পরিবর্তন করা হল। তদন্তের স্বার্থে এবার মামলার দায়িত্ব দেওয়া হয়েছে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি (DEB) শান্তনু মুখোপাধ্যায়কে।
পুলিশ সূত্রের খবর, মামলার সমস্ত দিক নতুন করে পর্যালোচনা করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই এই মামলায় একাধিক অভিযুক্ত গ্রেফতার হয়েছে এবং তদন্ত এখনও অব্যাহত রয়েছে।
অন্যদিকে, ইন্দ্রজিৎ মণ্ডল খুনের ঘটনায় আরও এক মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শামীম আলি খান।
উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ঘটিয়াশরীফ থানার অফিসার ইনচার্জ তুহিন মণ্ডলের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। ওই টিম বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে শামীমকে দত্তপুকুর থেকে গ্রেফতার করে বারুইপুর থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্দ্রজিৎ মণ্ডল খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করা হয়।
Jul 12, 2026 10:38 AM IST
