Last Updated:
এছাড়াও ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “মানুষের জীবন পরিবর্তনশীল। আমরা নিমিত্ত মাত্র। সব আগে থেকেই ঠিক করা। আমি বিধায়ক হিসেবে নৈতিক দায়িত্ব থেকে সরব না।”
কলকাতা: পালাবদলের পর ভেঙে চুরমার তৃণমূল। একদিকে মমতা তৃণমূল। আরেকদিকে নব তৃণমূল। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূলের অধিকাংশ জয়ী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিক্ষুব্ধ শিবিরে যোগ দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থেকে গিয়েছিলেন তাঁর দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী মদন মিত্র৷ তবে, বুধবার শেষমেষ মমতার সঙ্গ ছাড়লেন মদনও৷ এরইমধ্যে সামনে একুশে জুলাই। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নেতৃত্ব এবং ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র।
শুক্রবার তিনি বলেন, “কালিঘাট থেকে তৃণমূল কংগ্রেস যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে আর যাই হোক বিজেপির সঙ্গে লড়াই করা যাবে না। একটা দাবাং তৃণমূল কংগ্রেস দরকার।” তিনি আরও বলেন, “ছ’টায় কী হবে, পৌনে ছ’টায় কালিঘাট তৃণমূল কংগ্রেস জানে না। আমরা সঠিক পথের সন্ধান দিচ্ছি। আগ্রাসী দল বিজেপি, আমরা তার বিরুদ্ধে লড়ছি।”
নিজের পরিবারকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছে কি না, সেই প্রসঙ্গে মদন বলেন, “স্ত্রী-পুত্রকে দেশের এজেন্সি ডেকেছে, যাবে। সত্যিই অন্যায় করে থাকলে তারা দেখবে। আমার কোনও ভয় নেই।” ২১ জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষে তিনি বলেন, “গান্ধী মূর্তির সামনেই ২১ জুলাই হবে। গুলি চালনার দিন আমি ছিলাম। ওটাই আসল জায়গা। সমস্ত তৃণমূল কর্মীদের ওয়ান পয়েন্ট টার্গেট গান্ধী মূর্তির সামনে আসা। সবচেয়ে বড় শহীদের পায়ের নীচে বসা।”
সম্প্রতি কোয়েল মল্লিককে ঘিরে জল্পনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “কোয়েল কারও সঙ্গে দেখা করতেই পারে।” প্রসঙ্গত, মমতার হাত ছাড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিক। রথের দিনেই আচমকা ইস্তফা দিলেন সাংসদ পদ থেকে। বুধবার বিকেল পর্যন্তও রাজ্যসভার সরকারি ওয়েবসাইটে শাসকদলের সাংসদ তালিকায় তাঁর নাম দেখা গেলেও বৃহস্পতিবার সকাল হতেই সম্পূর্ণ বদলে গেল গোটা দৃশ্যপট।কোয়েল মল্লিকের ইস্তফার ফলে এবার রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা এবার ১৩ থেকে এসে ঠেকল ৯ তে। বস্তুত আগেই ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন সদ্য তৃণমূল রাজ্যসভার সাংসদ হওয়া কোয়েল মল্লিক। তবে তাঁকে জানানো হয় সশরীরে এসে ইস্তফাপত্র দিতে হবে উপরাষ্ট্রপতির হাতে। সেই মতো সূত্রের খবর রথযাত্রার পূর্ণ তিথিতে নিজের ইস্তফাপত্র উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের হাতে তুলে দেন অভিনেত্রী।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
