Last Updated:
সল্টলেকের সেক্টর ফাইভে RDB-র সামনে এক যুবককে মারধর করে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য। ঘটনাস্থলের CCTV ফুটেজ সংগ্রহ করে গাড়ির খোঁজ শুরু করেছে বিধাননগর পুলিশ। অপহরণের অভিযোগের সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা: কলকাতা শহরের বুকে ভয়াবহ এবং চাঞ্চল্যকর ঘটনা৷ সল্টলেকের সেক্টর ফাইভে আরডিবি (RDB) ভবনের সামনে এক যুবককে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ এবং বিধাননগর পুলিশের একটি বড় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। যুবককে হরিণঘাটা থেকে উদ্ধার করে পুলিশ। পাওনা টাকা দিচ্ছিল না বলে অভিযোগ৷ সেই কারণে অপহরণ করা হয়েছিল৷
সূত্রের খবর, এরপর সাদা স্করপিও গাড়ির নম্বর সহ সন্ধান মেলে৷ সেই গাড়ির নম্বর দিয়ে মালিকের খোঁজ শুরু হয়৷ মালিককে ফোন করে ড্রাইভারের ফোন নম্বর মেলে৷ হরিণঘাটা থানার সহযোগিতায় গাড়িটিকে আটক করা হয়। গাড়ির মধ্যে থেকে তথ্যপ্রযুক্তি কর্মী অঙ্কন সাহা সহ ছজনকে আটক করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে তথ্যপ্রযুক্তি কর্মী অঙ্কন সাহার কাছ থেকে ৭৮ লক্ষ টাকা পেত, সেই কারণেই মারধর করে সেক্টর ফাইভ থেকে তুলে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বাইক নিয়ে আরডিবি-র সামনে এসেছিলেন। রাস্তার ধারে বাইক রেখে তিনি সেটি স্টার্ট দেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় কয়েকজন ব্যক্তি হঠাৎ তাঁকে ঘিরে ধরে। অভিযোগ, প্রথমে তাঁকে মারধর করা হয়, তারপর জোর করে একটি চলন্ত চারচাকা গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পাওয়ার পর পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। জোর করে গাড়িতে তোলার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টি লালবাজার কন্ট্রোল রুমকেও জানানো হয়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
