Last Updated:
ক্যাগ রিপোর্টে প্রকাশিত হয়েছে বিপুল আর্থিক বোঝা রয়েছে রাজ্যের। নতুন সরকারের ঘাড়ে চেপেছে বিপুল আর্থিক বোঝা, এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
রাজ্যে সরকার বদলের পরে নতুন সরকারের ঘাড়ে চেপেছে বিপুল আর্থিক বোঝা, এই নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে ক্যাগ রিপোর্টে। সেই নিয়ে এবার তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
আগের সরকারের ঋণের বোঝা নিয়ে তিনি বলেন, “২০২৪-২৫ অর্থবর্ষের সিএজি রিপোর্ট পশ্চিমবঙ্গের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ভয়াবহ দুরবস্থার চিত্র তুলে ধরেছে। রাজস্ব ঘাটতি ₹৩৯,৭২৭ কোটি, রাজকোষ ঘাটতি ₹৬৪,৪৮৮ কোটি এবং রাজ্যের নেওয়া মোট ঋণের পরিমাণ ₹৭.৩৫ লক্ষ কোটিরও বেশি। একই সঙ্গে মূলধনী ব্যয় হ্রাস, সুদ পরিশোধের ক্রমবর্ধমান বোঝা এবং কেন্দ্রের অর্থে পরিচালিত একাধিক প্রকল্পে বরাদ্দ অর্থের পূর্ণ সদ্ব্যবহার না হওয়ার বিষয়টিও এই প্রতিবেদনে উঠে এসেছে”।
পাশাপাশি আগের সরকারের আমলে রাজস্ব ঘাটতি ছিল, এই নিয়েও উল্লেখ করেন তিনি। সিএজি রিপোর্ট থেকে আরও জানা যায় যে,২০১৫-১৬ থেকে ২০২৪-২৫ পর্যন্ত টানা দশ বছর রাজ্য রাজস্ব ঘাটতির সম্মুখীন হয়েছে। শুধু তাই নয় রাজস্বের ৫২ শতাংশই এসেছে কেন্দ্রের কাছ থেকে।
তিনি আরও বলেন, এই চিত্র স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে বিগত তৃনমূল সরকারের আমলে ঋণ বাড়লেও সেই অর্থ উৎপাদনশীল বিনিয়োগে যথাযথভাবে ব্যবহার হয় নি। উন্নয়নের ভিত্তি শুধু ঋণ নিয়ে ব্যয় বাড়ানো নয়; প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। বাংলার মানুষ তাদের উপার্জন থেকে কর দেন উন্নয়নের জন্য, অপচয় বা আর্থিক অব্যবস্থাপনার জন্য নয়। তাই আজ সময় এসেছে এমন একটি সরকারের, যে সরকার প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করবে, দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এবং উন্নয়নকে বাস্তবের মাটিতে পৌঁছে দেবে”।
সেই সঙ্গে বিজেপির শাসন নিয়ে তিনি বলেন, “সুশাসন, আর্থিক শৃঙ্খলা এবং জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে একটি শক্তিশালী, সমৃদ্ধ ও আত্মনির্ভর বাংলা গড়ে তোলাই বিজেপি সরকারের লক্ষ্য। বাংলায় দায়িত্বশীল ও স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ।”
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
