Last Updated:
বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ ছিল, তা শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপ ক্রমে এগিয়ে আসছে স্থলভাগের দিকে। সোমবারই স্থলভাগে আছড়ে পড়ার কথা ছিল তার। আলিপুর আবহাওয়া দফতর বলছে, তার জেরে আজও দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সে জন্য মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত যেতে বারণ করা হয়েছে।
বিশ্বজিৎ সাহা, কলকাতা: দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি। আজ, মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। শুক্রবার থেকে রবিবার উইকন্ডে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ বাড়বে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
দিঘা থেকে হলদিয়ার মাঝে আজ, মঙ্গলবার সকালেই গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করেছে। এই নিম্নচাপের গতিবেগ থাকবে ৫৫ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক দিয়ে ওড়িশার উপর দিয়ে ছত্তিশগড়ের দিকে যাবে। এবং ক্রমশ দুর্বল হবে।
এর প্রভাবে সমুদ্র এবং সমুদ্র সংলগ্ন উপকূলের জেলাগুলিতে দমকা ঝোড়ো বাতাস এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সমুদ্রপৃষ্ঠে ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইতে পারে। মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ ৷ বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলাতে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে বৃষ্টি কমবে। আজ, মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলের অংশে এবং ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। অন্যান্য জেলাতে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বাতাস বইবে। বুধবার থেকে রবিবার পর্যন্ত আপাতত ঝড়বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে উপরের দিকের জেলাগুলিতে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা চলবে রবিবার পর্যন্ত। আজ, মঙ্গলবার ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বুধবার উত্তরবঙ্গের তিন জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার উপরের দিকের তিন জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
শনিবার ও রবিবার উইকেন্ডে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া:
কলকাতাতেও আজ, মঙ্গলবার মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। জলীয় বাষ্প থাকায় বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাত হয়েছে ৬.৮ মিলিমিটার।
Kolkata,West Bengal
Jul 28, 2026 10:48 AM IST
