Last Updated:
পুরুলিয়ার বেলকুড়ি টোল প্লাজার কাছে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ ও পুরুলিয়া জেলা পুলিশ। এই ঘটনায় ট্রাক-সহ দুটি এসকর্ট গাড়ি আটক করা হয়েছে এবং মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
পুরুলিয়াঃ পুরুলিয়ায় আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং পুরুলিয়া জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌথ অভিযানে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক, অর্থাৎ গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ট্রাকের পাশাপাশি দুটি এসকর্ট গাড়ি আটক করা হয়েছে এবং মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, সোমবার গভীর রাতে পুরুলিয়া মফস্সল থানার অন্তর্গত বেলকুড়ি টোল প্লাজার কাছে জাতীয় সড়ক ১৮-এ (এনএইচ-১৮) সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় ট্রাকটির চালকের আসনের পিছনে বিশেষভাবে তৈরি একটি গোপন খোপ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ওই ট্রাকটি ওড়িশা থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। ট্রাকটির নিরাপত্তার জন্য সামনে-পিছনে চলা দুটি এসকর্ট গাড়িকেও আটক করা হয়েছে।
এই অভিযানের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার প্রশংসা করেছেন। তিনি বলেন, কলকাতা পুলিশের এসটিএফ এবং পুরুলিয়া জেলা পুলিশের সমন্বিত, দ্রুত ও দৃঢ় পদক্ষেপের ফলেই এই আন্তঃরাজ্য মাদক পাচারচক্রকে রুখে দেওয়া সম্ভব হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, অবৈধ মাদক পাচার এবং যুবসমাজের ভবিষ্যৎ ও সামাজিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা যে কোনও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি পুলিশ কর্মীদের নিরলস সতর্কতা ও নিষ্ঠার প্রশংসা করে বলেন, অপরাধচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মাদকের চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
Kolkata,West Bengal
