অর্থ মন্ত্রক জানিয়েছে, ১৫ অক্টোবর ২০২৬-এর পর ৭৫,০০০ টাকা বা তার বেশি মূল্যের পেমেন্টের ক্ষেত্রে বেশিমূল্যের ‘মার্চেন্ট লেনদেনে’ MDR সর্বোচ্চ ৩০০ টাকা প্রতি লেনদেন হিসেবে নির্ধারিত থাকবে।
লেনদেনের পরিমাণ যতই হোক না কেন, P2P UPI লেনদেনে কোনও চার্জ নেওয়া হবে না। অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, মোট UPI লেনদেনের প্রায় ৩৭ শতাংশ সংখ্যার নিরিখে এবং প্রায় ৭০ শতাংশ মূল্যের নিরিখে P2P লেনদেন, জানিয়েছে অর্থমন্ত্রক৷
UPI পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্টদের উপর ধার্য MDR যেন কোনওভাবেই গ্রাহকদের কাছ থেকে নেওয়া না হয়, সে বিষয়ে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্র।
অর্থ মন্ত্রক আরও জানিয়েছে, যোগ্য মার্চেন্ট UPI লেনদেন থেকে সংগৃহীত ০.৪ শতাংশ MDR বিভিন্ন পেমেন্ট ইকোসিস্টেমের অংশীদারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এর মধ্যে থাকবে ব্যাঙ্ক এবং UPI অ্যাপ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিও।
মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে মার্চেন্ট লেনদেনের মাত্র ৪ শতাংশ এই নতুন MDR-এর আওতায় পড়বে। কারণ অধিকাংশ লেনদেনই ২,০০০-টাকার নিচে অথবা zero-MDR P2PM ব্যবস্থার আওতাভুক্ত। এর ফলে ক্ষুদ্র ও ছোট ব্যবসাগুলিকে অতিরিক্ত খরচের চাপ থেকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।
রেল পরিষেবা, টেলিকম, বিমা, জ্বালানি এবং কৃষি উপকরণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য নির্দিষ্ট হারে MDR নির্ধারণ করা হয়েছে। এই ফ্ল্যাট-রেট কাঠামোর লক্ষ্য হল কম মুনাফায় পরিচালিত গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা ও শিল্পগুলির খরচে স্থিতিশীলতা বজায় রাখা।
সরকারের তথ্য অনুযায়ী, এই নির্দিষ্ট ক্ষেত্রগুলি UPI P2M লেনদেনের পরিমাণের প্রায় ১৭ শতাংশ এবং মার্চেন্ট লেনদেনের মোট মূল্যের প্রায় ৪৬ শতাংশ জুড়ে রয়েছে।
ক্যাপিটাল মার্কেট সংক্রান্ত লেনদেনে MDR-এর হার আরও কম রাখা হয়েছে। মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ, স্টক ব্রোকার এবং ডিলারদের সঙ্গে যুক্ত পেমেন্টে ০.০২ শতাংশ MDR ধার্য হবে। এক্ষেত্রেও প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত MDR নেওয়া যাবে।
অন্যদিকে, Person-to-Person-Merchant বা P2PM ব্যবস্থার আওতায় থাকা ছোট ব্যবসায়ীরা আগের মতোই zero MDR-এর সুবিধা পাবেন।
এই ব্যবস্থায় UPI QR কোডের মাধ্যমে মাসে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট গ্রহণকারী ছোট মার্চেন্টদের কোনও MDR দিতে হবে না। ছোট ও অসংগঠিত ব্যবসাগুলিকে আনুষ্ঠানিক মার্চেন্ট পেমেন্ট ব্যবস্থার আওতায় নিয়ে আসা এবং ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহ দেওয়াই এই ব্যবস্থার মূল লক্ষ্য। রেলওয়ে এবং জ্বালানির মতো নির্দিষ্ট কিছু বিভাগে ২,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ৫ টাকার মাশুল প্রযোজ্য হবে।
ছোট ব্যবসায়ীদের মধ্যে UPI ব্যবহারের প্রসার ঘটাতে একটি পৃথক তহবিলও গঠন করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রক। সংগৃহীত মোট MDR-এর ৫ শতাংশ এই তহবিলে দেওয়া হবে।
সরকারের দাবি, এই উদ্যোগের ফলে ছোট ব্যবসায়ীদের মধ্যে UPI গ্রহণযোগ্যতা বাড়বে, ডিজিটাল পেমেন্টের ব্যবহার আরও বাড়বে এবং দেশের অসংগঠিত ক্ষেত্রের ছোট ব্যবসাগুলিকে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনা আরও সহজ হবে।