কলকাতা: দেখতে দেখতে ১ বছর পেরিয়ে গেল, জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুর। এখনও পর্যন্ত কিছু মানুষ যেন বিশ্বাসই করতে পারেন না যে, জুবিন গর্গ আর নেই। স্কুবা ডাইভিং করতে নেমে, এমন একটা তরতাজা প্রাণ যে চলে যেতে পারে চিরকালের জন্য, তা এখনও মেনে নিতে পারেন না জুবিনের অনুরাগীরা। ১৯ সেপ্টেম্বর ছিল জুবিন গর্গের মৃত্যু দিন। ২০২৫ সালের এই দিনেই, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে নেমে, তলিয়ে যান জুবিন গর্গ। কিন্তু ঠিক কীভাবে তিনি তলিয়ে গেলেন জলায়, আদৌ কোনও নিরাপত্তা নিয়েছিলেন কি না জুবিন? জলে নামার আগে কি মদ্যপান করেছিলেন জুবিন? তাঁকে কি কেউ জলে নামার জন্য জোর করেছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর এক বছরেও মেলেনি। আর জুবিন গর্গের মৃত্যুর ১ বছর পরে, ঠিক একই দিনেই অসমে একত্রিত হয়ে প্রয়াত সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানাল অসম।
জুবিন গর্গের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে, বিশেষ উদ্যোগ সরকারের
জুবিন গর্গ তাঁর স্ত্রীকে বলেছিলেন, তিনি প্রয়াত হলে, অসম ৭ দিন বন্ধ থাকবে। সত্যিই যেন তাই হয়েছিল। জুবিনের মৃ্ত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল অসম। রাস্তায় রাস্তায় মানুষের যে ভিড়, যে আবেগ চোখে পড়েছিল, তা নজিরবিহীন। এই ছবিও দেখা গিয়েছিল যে, চোখে জল নিয়ে ভিড় সরাচ্ছে পুলিশ। ১৯ সেপ্টেম্বর অসমের বিভিন্ন জায়গায়, জুবিনের স্মৃতিতে প্রদীপ জ্বালান অনুরাগীরা। জুবিন গর্গের মৃত্যুর ১ বছর পূর্তিতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিজেপি সরকার। তাঁর মৃত্যুদিনে, তাঁকে শ্রদ্ধা জানাতে বিজেপির তরফ থেকে, একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল। জুবিন গর্গের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে, এদিন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আমাদের জুবিন গর্গকে সারাজীবন স্মরণ করা উচিত, যিনি অসমকে ভালোবাসতেন। বিজেপি প্রতি বছর রক্তদানের মাধ্যমে জুবিনের জন্মদিন ও মৃত্যুবার্ষিকী উদযাপন অব্যাহত রাখবে।’ জুবিনকে শ্রদ্ধা জানাতে, ৩দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা করা হয়েছে অসম জুড়ে। জুবিন গর্গের বাড়ি সহ, একাধিক জায়গায় এদিন প্রদীপ জ্বালানো হয়। প্রিয় গায়কের মৃত্যু নিয়ে ন্যায়বিচারের দাবি তোলেন অনুরাগীরা। জুবিনের গানে গানে শ্রদ্ধা জানানো হয় তাঁকে।