Last Updated:
হইচইয়ের ১০ বছরে থাকছে ২২টি নতুন ওয়েব সিরিজ৷ কিন্তু তার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে আরও নতুন নতুন উপহার৷
কলকাতা: নয় নয় করে ১০ বছরে পা দিচ্ছে Hoichoi। বাংলা তথা ভারতের ওটিটির বাজারে প্রথম পাঁচে রয়েছে বাংলার এই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। যেভাবে শুরু হয়েছিল যাত্রা, তার থেকে অনেকটা বদলেছে তাঁদের পথ। এবং আগামীতে এই আরও উন্নতির দিকেই হাঁটছে টিম হইচই। এর জন্য রয়েছে একগুচ্ছ পরিকল্পনা। তার মধ্যে যেমন রয়েছে নতুন নতুন ওয়েব সিরিজ, তেমনই রয়েছে হইচইয়ের প্রোডাকশনে নতুন ফিচার ফিল্ম। এই নিয়ে কথা বললেন Hoichoi-র COO সৌম্য মুখোপাধ্যায়।
কোন মন্ত্রবলে হইচইয়ের এই উন্নতি? সৌম্যর সাফ উত্তর, কনটেন্ট। তাঁর দাবি, গত ২-৩ বছরে ওটিটি-র বাজার কিছুটা স্যাগন্যন্ট বা অপরিবর্তনশীল। কিন্তু সেখানেও বাংলার এই জনপ্রিয় ওটিটির কনটেন্টে বৃদ্ধির হার বেশ উল্লেখযোগ্য। এই মুহূর্তে ভারতের প্রথম ৫টি ওটিটির মধ্যে রয়েছে হইচই। শুধু ভারত নয়, বাংলাদেশেও তাঁদের জনপ্রিয়তা তুঙ্গে। এছাড়াও মধ্যপ্রাচ্য, আমেরিকা, লন্ডনেও হইচইয়ের ইউজার অনেক। সাবস্ক্রিপশন থেকে হয় বিরাট আয়। তাঁদের গল্প অন্য ভাষায় (বিদেশি ভাষাও রয়েছে) ডাব করে বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখেন দর্শক। এটাও নিঃসন্দেহে তাঁদের ব্যবসাকে বাড়িয়ে তুলেছে।
একই সঙ্গে তাঁরা নিয়ে এসেছেন টিভি প্লাস ব্যবস্থা, যা টেলিভিশন দর্শকদের টার্গেট করা হয়েছে। এর মধ্যে প্রত্যেক সপ্তাহে এপিসোড ভিত্তিতে আসছে নতুন কনটেন্ট। এছাড়াও দর্শকদের কথা মাথায় রেখে আরও বেশি করে নন ফিকশন কনটেন্টের উপর জোর দেওয়া হয়েছে।
এর বাইরে আরও নতুন আয়ের পথ ঢেলে সাজিয়েছে Hoichoi টিম। ব্যবসায়িক ভাবে নিজেদের এগিয়ে যেতে তৈরি হয়েছে হইচই স্টুডিও, যার মাধ্যমে ফিচার ফিল্ম তৈরি হয়েছে। এ বছরও তাঁদের ৪টে ছবি মুক্তির অপেক্ষায়। এটা সত্যিই হইচইয়ের বিশেষ সম্পদ বলে মানছেন সৌম্য মুখোপাধ্যায়। এর পাশাপাশি আসছে ২২টি ওয়েব স্টোরি, যা আগের থেকে অনেকটা আলাদা হতে চলেছে।
১০ বছরে কী পরিকল্পনা?
Hoichoi-র COO সৌম্য মুখোপাধ্যায় বলছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বাঙালিদের জন্য এটাই প্রথম পছন্দের ওটিটি প্ল্যাটফর্ম হোক, এই একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি আমরা।
