৩০ পূর্ণ করলেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী। বর্তমানে ‘জোয়ার-ভাঁটা’ ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করছেন, শ্রুতি দাস।

পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন শ্রুতি। জন্মদিনের শুরুটাও তাঁর হয়েছে পরিবারের সঙ্গেই। সোশ্যাল মিডিয়ায় ঘরোয়া জন্মদিন পালনের ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় শ্রুতি লিখেছেন,বাবা-মায়ের সঙ্গে একসঙ্গে ৩০ বছর। আমায় সময়ে অসময়ে খুশি করতেই থাকেন যাঁরা। বিশেষ করে আজকের দিনে, সব কাজ সামলে বাবা-মা এত সুন্দর আয়োজন করেছেন।

শ্রুতি আরও লিখেছেন, ‘এত ব্যস্ততায় বরের বারোটার আগে বাড়ি ফেরা। আমার কাজের বাইরে জগৎ বলতে তো এটুকুই। তাঁদের নিয়েই বরাবরের মতো জন্মদিন পালন। সঙ্গে কাছের মানুষদের ফোন,মেসেজ।’

পাশাপাশি শ্রুতি যাঁরা তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, ভালবাসা জানিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন। এরপরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় ৩০-এ পা রাখার একগুচ্ছ সুন্দর ফটোশ্যুটের ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।

তবে জন্মদিনের দিনটাও, শ্যুটিং করেই কাটাতে চান শ্রুতি। তিনি বরাবরই বলেছেন, তিনি কাজের মধ্যে থাকতেই ভালবাসেন। জন্মদিনের দিনটাতেও শ্যুটিং ফ্লোরে কাটাবেন শ্রুতি, নিশা হয়েই।

তবে শ্রুতি জানিয়েছেন, সেটে অবশ্যই কেক কাটার আয়োজন ছিল। কাজের বিরতিতে থাকলে, শ্যুটিং ফ্লোরে কেক কাটা খুব মিস করেন শ্রুতি। তবে এবার খুব খুশি তিনি, জন্মদিন কাটবে প্রিয় জায়গায়। শ্রুতি আরও জানিয়েছেন, সেটে লাঞ্চেরও আয়োজন করা হয়েছিল তাঁর জন্য।

সোশ্যাল মিডিয়ায় শ্রুতির জন্মদিনে একগুচ্ছ ছবি শেয়ার করে স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার লিখেছেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বাবু। মানুষের মতো মানুষ হ’ আর সবাইকে নিয়ে যেমন চলিস, সেভাবেই থাকিস।’

সোশ্যাল মিডিয়ায় পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার আরও লিখেছেন, ‘আরও উন্নতি কর, সব বাধা অতিক্রম করে এগিয়ে যা। আমাদের গর্ব তুই।’ শ্রুতির জন্মদিনের কেক এবং পায়েসের ছবিও শেয়ার করে নিয়েছেন স্বর্ণেন্দু।

সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো উপহারের ছবিও শেয়ার করে নিয়েছেন শ্রুতি। উপহারে চকোলেট থেকে শুরু করে শাশুড়িমায়ের উপহার দেওয়া চারাগাছের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন শ্রুতি।
Published at : 30 Sep 2026 03:47 PM (IST)