মহিলা গুপ্তচর পাঠিয়ে মার্কিন এআই সংস্থা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে প্রেমের ফাঁদে ফেলে তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ খারিজ করল চিন। সোমবার চিনা বিদেশ মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, বেজিংয়ের বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশ্যে এ সব ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।
এনভিডিয়ার (Nvidia) সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে এক মহিলার সম্পর্ক রয়েছে? সেই মহিলা চিনের স্পাই হিসেবে কাজ করতেন? এমন অভিযোগ খতিয়ে দেখছে FBI বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই মহিলার বিরুদ্ধে চিনা সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। যদিও ট্রাম্পের দাবি, ওই মহিলা যে গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত থাকতে পারেন, সে বিষয়ে হুয়াংয়ের কোনও ধারণাই ছিল না।
সেক্ষেত্রে স্ত্রীকে প্রায় ৮১.১ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭.৮ লক্ষ কোটি টাকা) দিতে হতে পারে তাঁকে। এমনটা হলে তা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদের সমঝোতা হতে পারে। তবে এখনও বিবাহবিচ্ছেদের কোনও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করা হয়নি। সম্পত্তি ভাগাভাগি নিয়েও কোনও সিদ্ধান্ত হয়নি। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের ৮ নভেম্বর পর্যন্ত জেনসেন হুয়াংয়ের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৬২.২ বিলিয়ন ডলার। এই সম্পত্তি সমানভাবে ভাগ করা হলে তাঁর স্ত্রী লরি হুয়াংয়ের ভাগে পড়বে ৮১.১ বিলিয়ন ডলার।
কেন গুরুত্বপূর্ণ ক্যালিফোর্নিয়ার আইন?
সম্ভাব্য সম্পত্তি ভাগাভাগির আলোচনায় ক্যালিফোর্নিয়ার আইনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনভিডিয়ার সদর দফতর ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। সেখানে কমিউনিটি প্রপার্টি (Community Property) ব্যবস্থা চালু রয়েছে। এই ব্যবস্থায় সাধারণত বিয়ের পর অর্জিত সম্পত্তিকে স্বামী-স্ত্রীর যৌথ সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়। বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে এই সম্পত্তি সমানভাবে ভাগ করা যেতে পারে।
তবে এর অর্থ এই নয় যে কোনও ব্যক্তির সম্পূর্ণ মোট সম্পত্তি স্বয়ংক্রিয়ভাবে অর্ধেক হয়ে যাবে। বিয়ের আগে অর্জিত সম্পত্তি, পৃথক সম্পত্তির দাবি, ট্রাস্ট, ঋণ এবং আগে থেকে করা আইনি চুক্তিগুলিও সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।
Photo: Reuters
বিয়ের ৮ বছর পর সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন জেনসেন:
১৯৮৫ সালে লরি মিলস হুয়াংকে বিয়ে করেছিলেন জেনসেন হুয়াং। এর প্রায় আট বছর পর, ১৯৯৩ সালে দুই বন্ধু ক্রিস মালাচোস্কি এবং কার্টিস প্রিমের সঙ্গে মিলে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন তিনি।
বর্তমানে হুয়াংয়ের সম্পত্তির সবচেয়ে বড় অংশই আসে এই সংস্থায় তাঁর মালিকানাধীন শেয়ার থেকে। গত কয়েক বছরে এনভিডিয়ার শেয়ারের দাম ব্যাপকভাবে বেড়েছে। সেই সঙ্গে ক্রমাগত বেড়েছে তাঁর সম্পত্তির পরিমাণও। আর সেই কারণেই সম্ভাব্য বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে সংস্থার শেয়ার এবং তার বর্তমান বাজারমূল্য সম্পত্তি ভাগাভাগির অন্যতম বড় বিষয় হয়ে উঠতে পারে।
লরি মিলস হুয়াং কি পেতে পারেন এনভিডিয়ার শেয়ার?
কিছু রিপোর্টে অনুমান করা হয়েছে, বিবাহবিচ্ছেদ হলে লরি হুয়াং ৬২.৬ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের এনভিডিয়ার শেয়ার পেতে পারেন। তবে এই অঙ্ক এখনও কোনও আদালত বা আইনি সমঝোতার মাধ্যমে নির্ধারিত হয়নি। বাস্তবে লরি কতটা সম্পত্তি পাবেন, তা নির্ভর করবে শেয়ারগুলি কার নামে রয়েছে, কোন সম্পত্তি যৌথ এবং কোনগুলি পৃথক সম্পত্তি হিসেবে বিবেচিত হবে, তার উপর। পারিবারিক ট্রাস্ট, অন্যান্য দায়বদ্ধতা এবং কোনও বৈবাহিক চুক্তি রয়েছে কি না, তার উপরও এই হিসাব বদলে যেতে পারে।
জেফ বেজোসের বিবাহবিচ্ছেদের সমঝোতাকেও ছাপিয়ে যাবে এই অঙ্ক?
৮১.১ বিলিয়ন ডলারের সম্পত্তি ভাগাভাগির এই হিসাব সত্যি হলে, তা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহবিচ্ছেদের সমঝোতাগুলির মধ্যে অন্যতম হয়ে উঠতে পারে। এর সঙ্গে তুলনা করা হচ্ছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বিবাহবিচ্ছেদের। ২০১৯ সালে জেফ বেজোস ও ম্যাকেঞ্জি স্কট আলাদা হয়ে যান। সেই সমঝোতা অনুযায়ী, ম্যাকেঞ্জি স্কট প্রায় ৩৫.৬ বিলিয়ন ডলার মূল্যের অ্যামাজনের শেয়ার পেয়েছিলেন।
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিবাহবিচ্ছেদের ক্ষেত্রেও বিপুল পরিমাণ সম্পত্তি হস্তান্তর হয়েছিল। সেই দিক থেকে দেখতে গেলে, হুয়াংয়ের ক্ষেত্রে সম্ভাব্য ৮১.১ বিলিয়ন ডলারের অঙ্ক এই বহুল আলোচিত সমঝোতাগুলির তুলনায় অনেকটাই বেশি হবে।
জেনসেন হুয়াংয়ের সম্পত্তির একটি বড় অংশ এনভিডিয়ার শেয়ারে বিনিয়োগ করা রয়েছে। ফলে বিবাহবিচ্ছেদের সময় যদি শেয়ারের বড় অংশ লরির হাতে হস্তান্তর করা হয়, তাহলে সংস্থার শেয়ারহোল্ডিং কাঠামোতে পরিবর্তন আসতে পারে।
স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেছেন জেনসেন হুয়াং:
জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তীব্র হয়, যখন সিঙ্গাপুরের সংস্থা মেগাস্পিড ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর কথিত প্রেমের সম্পর্কের খবর সামনে আসে।
এরপর কর্মীদের কাছে পাঠানো একটি বার্তায় নিজের স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেন হুয়াং। নিজের স্বীকারোক্তিতে তিনি বলেন, “আমি আমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলাম না। আমার আচরণে আমার স্ত্রী ও সন্তানরা আঘাত পেয়েছেন।”
জেনসেনের এই স্বীকারোক্তির পরই তাঁর সম্ভাব্য বিবাহবিচ্ছেদ এবং সম্পত্তি ভাগাভাগি নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও নিজের বার্তায় অ্যালিস হুয়াংয়ের নাম উল্লেখ করেননি তিনি।