Last Updated:
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি হাসপাতাল ও দফতরে সারপ্রাইজ ভিজিটের নির্দেশ দিলেন, কেন্দ্রীয় প্রকল্প দ্রুত শুরু, ইলেকট্রিক বাস বাড়ানো ও স্কুলের গরমের ছুটি বাড়ল
কলকাতা: বুধবার সরকারি হাসপাতাল নিয়ে বড় নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায়, ‘কলকাতার সব সরকারি হাসপাতালগুলিতে নজরদারি করতে হবে, চালু করতে হবে সারপ্রাইজ ভিজিট। প্রতিটা মানুষের পরিষেবা পেতে যাতে কোনও সমস্যা না হয় সেটা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আমিও সারপ্রাইজ ভিজিট করব। বিধায়কেরাও জেলায় জেলায় হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করবেন।’
পাশাপাশি তিনি এও জানান, ‘৭ দিনের মধ্যেই কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ শুরু করতে হবে। কোনও ঢিলেঢালা চলবে না। ৪১ টি দফতরের সচিবদের নিয়ে বৈঠকের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এক মাসের মধ্যেই বিভিন্ন দফতরের বাজেট প্রস্তুত করতে হবে বলেও জানান। স্বাস্থ্য ও শিক্ষা- দুই মূল পরিষেবাই মুখ্যমন্ত্রীর নজরে। শুভেন্দু অধিকারী নিজে বলেন, আমি একদিন স্বাস্থ্য দফতরে যাব ও একদিন শিক্ষা দফতরে যাব। দফতরগুলিতে গিয়েই পর্যালোচনা করব। টালিগঞ্জের সমস্যা মেটাতে হবে। সবার সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নিতে হবে।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘এর আগে দেখা গিয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরে নিয়ম মেনে টেন্ডার করা হয়নি। এবার নিয়ম মেনে টেন্ডার করতে হবে। সরকারি যা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী টেন্ডার হবে।’
এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, ‘বেশি সংখ্যক বিদ্যুৎ চালিত বাস রাস্তায় নামাতে হবে। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে পরিবহণ দফতরকে।’ এর পাশাপাশি গরমের ছুটি বাড়ানো হয়েছে রাজ্যের স্কুলগুলিতে। আগে এই শনিবার পর্যন্ত ছুটি থাকার কথা থাকলেও, তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বৈঠকে শিক্ষা সচিবকে-এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুন থেকে স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
