কলকাতা: আইপিএল (IPL 2026) ইতিহাসে জনাকয়েক ক্রিকেটারই দুইশোর অধিক ম্যাচ খেলেছেন। সেই তালিকায় একমাত্র বিদেশি হিসাবে যোগ দিলেন তিনি। আবার এই দু’শো ম্যাচ তিনি খেলেছেন একই ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে। তিনি সুনীল নারাইন (Sunil Narine)। কলকাতা নাইট রাইডার্সের কিংবদন্তি ক্রিকেটার।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে (KKR vs GT) সপ্তাহান্তেই নিজের আইপিএল কেরিয়ারের দু’শোতম ম্যাচ খেলতে নেমেছিলেন নারাইন। দেড় দশক পরে আজও যে তিনি অনন্য, অপরিহার্য, তা সেই ম্যাচেই ফের একবার প্রমাণ করলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। গোটা ম্যাচে যেখানে ৪৬৫ রান উঠল, বোলাররা মূলত স্পিনাররা প্রচুর রান দিলেন, সেখানে নারাইনের পরিসংখ্যান চার ওভারে ২৯ রানের বিনিময়ে দুই উইকেট। চলতি মরশুমেও তিনি দ্বিতীয় কৃপণতম বোলার। রানের ফুলঝুড়ির মাঝে ইডেনে এই অনবদ্য বোলিং পারফরম্যান্সের জন্যই নারাইনকে ম্যাচ সেরা ঘোষণা করা হয়।
তবে নারাইনের বয়স তো আর কমছে না, বরং আইপিএল শেষ হওয়ার আগেই তিনি ৩৮-এ পা দেবেন। স্বাভাবিকভাবেই তাই অনেক কেকেআর সমর্থকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে আর কতদিন? আর কতদিন কেকেআর জার্সিতে নারাইনকে খেলতে দেখা যাবে? সেই প্রশ্নের উত্তর নারাইন কিন্তু ম্যাচ সেরা হয়ে নিজেই দিলেন। তাঁকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলতে শোনা যায়, ‘ঈশ্বর আমায় প্রতিভা, সুস্বাস্থ্য এবং শক্তি দিয়েছে, যার জেরে আমি দুইশোটা ম্যাচ খেলতে পেরেছি। আশা করছি আরও অনেক ম্যাচ খেলতে পারব। এই সফরটা অনেক লম্বা ছিল এবং আশা করছি এটা আরও দীর্ঘায়িত হবে। আশা করব আমি এই ধরনের পারফরম্যান্সই দিতে থাকব এবং যতদিন সম্ভব খেলা চালিয়ে যাব।’