চেন্নাই: আইপিএল (IPL 2026) একেবারে শেষ লগ্নে চলে এসেছে। তবে এখনও পর্যন্ত ২২ গজে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) দেখা মেলেনি। গতকাল রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের পরাজয়ের পরে তাঁদের প্লে-অফে পৌঁছনোর রাস্তাও বেশ কঠিন হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচই কিন্তু সিএসকের এ মরশুমের শেষ ম্যাচ হতে পারে। তবে সেই ম্যাচের জন্যও নাকি দলের সঙ্গে আমদাবাদে সফরই করেননি মহেন্দ্র সিংহ ধোনি।
আইপিএলে বারংবার না না চোট আঘাতের সমস্যায় পড়েছেন ধোনি। হাঁটুর চোট তো ছিলই, টুর্নামেন্ট শুরুর আগেই তিনি আবারও সিএসকের অনুশীলনে পেশিতে চোট পেয়েছিলেন। রিপোর্টে দাবি করা হচ্ছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগে তিনি বুড়ো আঙুলে চোট পান। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের রাতে তাঁর ডান হাতের বুড়ো আঙুলে ব্যান্ডেজও দেখা যায়। এইসব না না চোটের কারণে এখনও পর্যন্ত এ মরশুমে একটিও ম্য়াচে খেলেননি মাহি।
তাঁর বয়স বহুদিন ৪০-র কোটা পেরিয়েছে, বারংবার চোটআঘাতেরও সমস্যা হচ্ছে। এইসব কারণেই অনেকে জল্পনা শুরু করেছেন যে এটাই মাহির শেষ মরশুম হতে চলেছে। এমন পরিস্থিতিতে রিপোর্ট যদি সত্যি হয়, মাহি যদি সত্যিই আমদাবাদে দলের সঙ্গে সফর না করেন, তাহলে কিন্তু তাঁকে আর আদৌ কোনওদিন পেশাদার ক্রিকেট খেলতে দেখা যাবে কি না, সেই নিয়ে সংশয় থাকবেই। এই রিপোর্টের পাশাপাশি আরও একটি মন্তব্য ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন:- কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগেই জোড়া ধাক্কা, আইপিএল থেকেই ছিটকে গেলেন দুই মুম্বই ইন্ডিয়ান্স তারকা
ধোনির অবসরের জল্পনা আরও বাড়িয়েছে গত রাতে চিপকে সুরেশ রায়নার একটি মন্তব্য। ঘরের মাঠে মরশুমের শেষ ম্যাচের পর সিএসকে বরাবরই সেখানে আগত নিজেদের সমর্থকদের ধন্যবাদ জানায়। সেই সময় ধোনি তো ছিলেনই, রায়নাও সিএসকের ল্যাপ অফ অনারে উপস্থিত ছিলেন। তখনই ধোনির দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু রায়না তাঁর কাছে আবেদন করে বলেন, ‘আপনি আইপিএল ২০২৬-কে তো মিসড কল দিলেন। এই মরশুমটা গণ্য করা হবে না। পরের বছর আবার আপনাকে ফিরতে হবে।’ এই আবদারের জবাবে রায়না দাবি করেন তাঁর জবাবে ধোনি তাঁকে জানান তাঁর শরীর বেশ খানিকটা দুর্বল হয়ে গিয়েছে। ধোনির এহেন মন্তব্যই কিন্তু তাঁর অবসরের জল্পনা বাড়িয়ে তুলেছে।