কলকাতা: মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni), আইপিএল (Indian Premier League) ইতিহাসের সফতম অধিনায়ক। তাঁর নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সাফল্য ছিস ঈর্ষণীয়। ধোনির তত্ত্বাবধানে সিএসকে পাঁচ পাঁচটি আইপিএল খেতাব জেতে। অবশ্য এই কৃতিত্ব ধোনির একার নয়, সেই কৃতিত্ব রয়েছে রোহিত শর্মারও। ‘হিটম্যান’-র নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সও পাঁচটি আইপিএল জিতেছে। কিন্তু এক রেকর্ডে ধোনির ধারকাছেও আর কোনও অধিনায়ক নেই। কী সেই রেকর্ড?
ধোনির অধিনায়কত্বে সিএসকে মোট পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন তো হয়েইছে, তা ছাড়াও আর সাত বার হলুদ ব্রিগেড প্লে-অফে কোয়ালিফাই করেছে। অর্থাৎ মোট ১২ বার নিজের দলকে প্লে-অফে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন মাহি। এই নিরিখে তিনি বাকি সব আইপিএল অধিনায়কের থেকে অনেক অনেক এগিয়ে। রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল জিতলেও, মোট সাত বার পল্টনরা প্লে-অফে পৌঁছেছে। স্বাভাবিকভাবেই ধোনি এই পরিসংখ্যানের নিরিখে অনেক অনেকটাই এগিয়ে।
অধিনায়ক হিসাবে নিজের দলকে সর্বাধিকবার প্লে-অফে তোলার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কেকেআরের হয়ে যুগ্ম আইপিএল খেতাবজয়ী অধিনায়ক গৌতম গম্ভীর। তিনি কেকেআরকে পাঁচবার প্লে-অফে তুলেছেন। শ্রেয়স আইয়ার এবং বিরাট কোহলি চার বার করে অধিনায়ক হিসাবে নিজেদের দলকে প্লে-অফে তুলেছেন। শ্রেয়সের সামনে অবশ্য এ মরশুমেই পঞ্জাব কিংসকে প্লে-অফে তুলে তালিকায় তৃতীয় স্থানে গৌতম গম্ভীরের পাশে বসার সুযোগ রয়েছে।
আরও পড়ুন:- কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগেই জোড়া ধাক্কা, আইপিএল থেকেই ছিটকে গেলেন দুই মুম্বই ইন্ডিয়ান্স তারকা
এছাড়া হার্দিক পাণ্ড্য, বীরেন্দ্র সহবাগ এবং ডেভিড ওয়ার্নার মোট তিনবার অধিনায়ক হিসাবে নিজের দলকে প্লে-অফে পৌঁছে দিয়েছেন।