Last Updated:
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হয়ে প্রথম উত্তরবঙ্গে যাচ্ছেন শুভেন্দু, পরের দিন প্রশাসনিক বৈঠক দুর্গাপুরে! উত্তরবঙ্গ সফর শেষ করেই বৃহস্পতিবার ২১ মে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কলকাতা: মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবারই প্রথম উত্তরবঙ্গ সফরে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। এর আগেও উত্তরকন্যায় এসেছিলেন শুভেন্দু অধিকারী। তবে বিরোধী দলনেতা হিসেবে। পুলিশি বাধায় সে সময় ঢুকতে পারেননি তিনি। এবার সেই উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
গত বছরে ২১ জুলাই উত্তরকন্যা অভিযানও করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারে আসছেন রাজ্যের প্রধান প্রশাসক হিসেবে। তাঁকে ঘিরে স্বভাবতই উৎসাহিত দলীয় কর্মীরা। সাধারণ বাসিন্দারাও নতুন মুখ্যমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত। ফলত দিনভর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঠাঁসা কর্মসূচি।
প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই প্রশাসনের সর্বস্তরে কড়া নজরদারির পাশাপাশি প্রশাসনিক কার্যবিধি নিশ্চিত করার কাজ শুরু করেছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী পদে বসার পর কলকাতা এবং নবান্নের পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও যে নতুন সরকার সমানভাবে নজর দিচ্ছে, সেই বার্তা দিতেই এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহল।
নবান্ন সূত্রে খবর, ২০ মে উত্তরবঙ্গে পৌঁছে শুভেন্দু সরাসরি প্রশাসনিক স্তরের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, মহকুমা শাসক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। মূলত উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পূর্বতন সরকারের আমলে থমকে থাকা নানা প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে এই বৈঠকে বিশদে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে । পাশাপাশি, উত্তরবঙ্গের চা-বাগান এলাকার শ্রমিকদের সমস্যা এবং পাহাড়ের উন্নয়নমূলক কাজ নিয়েও মুখ্যমন্ত্রী বিশেষ বার্তা দিতে পারেন বলে প্রশাসনিক মহলের ধারণা।
Kolkata,West Bengal
