সন্দীপ সরকার, কলকাতা: ম্যাচের আগে সবচেয়ে বেশি চর্চা চলছিল দুটি নাম নিয়ে। মাথিশা পাথিরানা (Matheesha Pathirana) ও বরুণ চক্রবর্তী। একজনকে ১৮ কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। অন্যজন কেকেআরের স্পিন বিভাগের মধ্যমণি। দুজনই চোটে কাবু ছিলেন। পাথিরানার তো আগের ম্যাচেই কেকেআর জার্সিতে অভিষেক হয় আর মাত্র ৮ বল করে ফের চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। তারপর থেকেই কৌতূহল ছিল, বুধবার ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে পাথিরানা ও বরুণ কি খেলবেন?
কেকেআরের স্বস্তি ও অস্বস্তি – দুইই রইল। অস্বস্তি বলতে, ম্যাচের আগে ২ দিন ধরে প্র্যাক্টিসে গরহাজির পাথিরানা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দলে নেই। তাঁর আইপিএলে যবনিকা পড়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। স্বস্তি বলতে, পায়ের ব্যথা পুরোপুরি না কমলেও খেলছেন বরুণ চক্রবর্তী। নাইট শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়ে মাঠে নেমেছেন তামিলনাড়ুর অফস্পিনার।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাথিরানার পরিবর্তে চতুর্থ বিদেশি হিসাবে রোভম্যান পাওয়েলকে খেলাচ্ছে কেকেআর। ইডেনে টস জিতে প্রথমে ফিল্ডিং নিলেন রাহানে। টসের পরই তিনি জানিয়ে দিলেন, আহত পাথিরানার পরিবর্তে বিদেশি হিসাবে খেলছেন পাওয়েল। কেকেআর যেহেতু প্রথমে ব্যাটিং করছে, তাই ফিন অ্যালেনকে ইমপ্যাক্ট সাব হিসাবে খেলানো হবে।
রাহানে টস জিতে ফিল্ডিং নিয়ে বললেন, ‘আমরা শুরুতে ফিল্ডিং করে নিতে চেয়েছিলাম। বাকি দুই ম্য়াচই জিততে হবে। সহজ অঙ্ক। আমরা আপাতত আজকের ম্যাচটা জেতা নিয়ে ভাবছি। আগের ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আগাগোড়া ভাল ক্রিকেট খেলেছি। আমাদের দুটি ম্যাচই জিততে হবে। তবে আপাতত আজ ৪০ ওভার ভাল ক্রিকেট খেলায় জোর দিচ্ছি।’
অজিঙ্ক রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল, রিঙ্কু সিংহ, মণীশ পাণ্ডে, সুনীল নারাইন, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, কার্তিক ত্যাগী ও সৌরভ দুবে
সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার
ফিন অ্যালেন, বৈভব অরোরা, রামনদীপ সিংহ, তেজস্বী সিংহ দাহিয়া, রাহুল ত্রিপাঠি
মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ
রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), নমন ধীর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, উইল জ্যাকস, করবিন বস্ক, দীপক চাহার, যশপ্রীত বুমরা, রঘু শর্মা
সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার
শার্দুল ঠাকুর, ময়ঙ্ক রাওয়াত, রবিন মিঞ্জ, কৃষ ভগৎ, এ এম ঘজনফর